Serial Update। নায়ক যখন নার্স! ভালোবাসার রং-রুটে ফিরছেন ইন্দ্রনীল

Spread the love

বাস চালক রুপাই আর মেল নার্স রেহান! সমাজের ছক ভাঙতে আসছে নতুন ধারাবাহিক ‘ভালোবাসার রঙ-রুট’

পুরুষ মানেই কি বাসের স্টিয়ারিং ধরবে? আর সেবা-শুশ্রূষার কাজ কি শুধুই নারীদের জন্য? সমাজের এই চিরাচরিত ধারণাগুলোকে সজোরে ধাক্কা দিতে সান বাংলায় শুরু হতে চলেছে নতুন মেগা সিরিয়াল ‘ভালোবাসার রং-রুট’। এই গল্প যেমন প্রেমের, তেমনই প্রতিবাদেরও। সুশান্ত দাসের টেন্ট সিনেমার এই মেগা সিরিয়ালে লিড রোলে থাকছেন ইন্দ্রনীল চট্টোপাধ্য়ায়। নায়িকার ভূমিকা নবাগতা মিষ্টি সিংহ রায়।

ধারাবাহিকের মূল উপজীব্য হলো কাজের জগতে নারী-পুরুষের ভেদাভেদ ঘুচিয়ে দেওয়া। আমাদের সমাজ কিছু নির্দিষ্ট পেশা নির্দিষ্ট লিঙ্গের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র সেই শিকল ভাঙার লড়াইয়ে নেমেছে।নিম্নবিত্ত পরিবারের মেয়ে রুপাই। পরিবারের হাল ধরতে সে বেছে নিয়েছে বাসের স্টিয়ারিং। কাকার হাত ধরে বাস ড্রাইভিং শিখে কলকাতার ব্যস্ত রুটে পাবলিক বাস চালায় সে। রুপাইয়ের সাফ প্রশ্ন— ‘ছেলেরা যদি বাস চালাতে পারে, তবে মেয়েরা কেন নয়?’

অন্যদিকে গল্পের নায়ক রেহান। চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও মাঝপথে পড়াশোনা ছাড়তে হয় তাকে। কিন্তু অসুস্থ মানুষের সেবা করার ইচ্ছা থেকে সে বেছে নেয় নার্সিং পেশাকে। সমাজের চোখে যা ‘মেয়েলি’ কাজ, সেখানেই নিজের দক্ষতা প্রমাণ করতে চায় সে। শোলক সারির পর ফের সান বাংলার মেগায় ইন্দ্রনীল। তাঁর কথায়, ‘এর আগে বাংলা সিরিয়ালে এমন গল্প দেখানো হয়নি। আমার চরিত্রের কথা বললে, রেহান মেল নার্স। নার্সের কথা বললেই আমরা মেয়ের কথা ভাবি। চিকিৎসক হতে পারেনি রেহান। নার্সিংকেই পেশা হিসাবে বেছে নিয়েছে সে। নিজের কাজ নিয়ে সে আত্মবিশ্বাসী। কাজের জায়গায় সে পটু। আমাদের সিরিয়াল একটা ট্যাগলাইন আছে, সেবা করার অধিকার কি শুধু মেয়েদের? রেহান বুঝিয়ে দেবে ছেলেরাও সেবা করতে পারে’।

দুই ভিন্ন মেরুর মানুষ যখন এক হয়, তখন শুরু হয় নতুন লড়াই। বাসের স্টিয়ারিং হাতে রুপাই আর হাসপাতালেও সেবারত রেহান— এই দুই অসম চরিত্রের মানুষের প্রেম কীভাবে পরিণতি পায় এবং সমাজ তাঁদের এই ‘রোল রিভার্সাল’কে কীভাবে গ্রহণ করে, তা নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প।সিরিয়ালের প্রোমো শ্যুটিং হয়ে গিয়েছে। চলছে ওয়ার্কশপ। জেন্ডার স্টেরিওটাইপ ভাঙার এই লড়াইয়ে রুপাই আর রেহান কি শেষ পর্যন্ত সফল হবে? তা জানতে চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *