কানাডার স্কুলে গুলি চালনার ঘটনার পর বেলা গড়াতে না গড়াতেই এবার থাইল্যান্ডের স্কুলে গুলি চালনার খবর আসছে। জানা গিয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে এক বন্দুকধারী বহু পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের পণবন্দি করে। যদিও পরে ওই ১৮ বছর বয়সী বন্দুকধারী গ্রেফতার হয়। পরে সমস্ত পণবন্দিরা মুক্ত হন। এদিকে, গুলি চালনার ঘটনায় একাধিকজন আহত হয়েছেন।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হাট ইয়াই জেলার সোংখলা প্রদেশের পাতোংপ্রথানকিরিওয়াত স্কুলে বন্দুকধারী গুলি চালানোর পর চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা গিয়েছে শিক্ষার্থী এবং অন্যরা সক্রিয় শুটিং এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। লোকজনকে ছুটে আসতে এবং আশ্রয় নিতে দেখা গিয়েছে।
বন্দুকধারী আটকের আগে দক্ষিণ থাইল্যান্ডের স্কুলে অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষককে বন্দি করে রেখেছিল। ডেপুটি সুপারিনটেনডেন্ট উইচিয়ান সোবুন বলেন, ‘অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা।
এর আগে দিনের শুরুতেই কানাডায় এক স্কুলে এলোপাথারি গুলি চালনার ঘটনা ঘটে। ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার স্কুলে এলোপাথারি গুলি চালনার ঘটনার নিন্দা করেন। তিনি তাঁর পোস্টে লেখেন,’ কানাডায় ভয়াবহ গুলি চালানোর ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে সমস্ত পরিবার তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, আমি তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গভীর শোকের এই মুহূর্তে ভারত কানাডার জনগণের পাশে একাত্মতা প্রকাশ করেছে।’ জানা গিয়েছে কানাডার গুলি চালনার ঘটনায় সন্দেহভাজনের মৃত্যু হয়েছে।
