ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অভিষেক বচ্চনের সঙ্গী হলেন স্টিভ ওয়া

Spread the love

টি–টোয়েন্টি ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের নতুন অধ্যায় শুরু হতে চলেছে ইউরোপে। সেই উদ্যোগে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়া। চলতি বছরের মাঝামাঝি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের শহরভিত্তিক কয়েকটি দল নিয়ে পুরুষদের ইউরোপিয়ান টি–টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল) শুরু হবে। এই লিগের অন্যতম বিনিয়োগকারী বলিউড সুপারস্টার অভিষেক বচ্চন।

ছয় দলের এই লিগটি মূলত ২০২৫ সালে শুরু হওয়ার কথা ছিল। তবে ফ্র্যাঞ্চাইজি বিক্রির প্রক্রিয়া সময়মতো শেষ না হওয়ায় টুর্নামেন্টটি পিছিয়ে যায়। এখন তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত হয়েছে—এর মধ্যে দুটি অস্ট্রেলিয়ার বিনিয়োগকারী গোষ্ঠীর হাতে এবং একটি নিউজিল্যান্ডের একটি গ্রুপের অধীনে। স্টিভ ওয়ার নেতৃত্বে থাকা বিনিয়োগকারী গোষ্ঠী ‘আমস্টারডাম ফ্লেমস’ দলের মালিকানা পেয়েছে।

এই কনসোর্টিয়ামে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ফিল্ড হকি তারকা জেমি ডোয়ার এবং ব্যবসায়ী টিম থমাস। ইতোমধ্যে ফ্লেমস তাদের বিদেশি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার দুই তারকা—স্টিভ স্মিথ ও মিচেল মার্শকে দলে ভিড়িয়েছে। ৬০ বছর বয়সী ওয়াহ বলেন, ‘ইউরোপে ক্রিকেটের বিস্তার ঘটানোর এই উদ্যোগ আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। এটি কোনো নামকাওয়াস্তে টি–টোয়েন্টি লিগ নয়—এটা সত্যিকারের প্রতিযোগিতা। খেলোয়াড়দের আগ্রহই প্রমাণ করে লিগটির মান ও গুরুত্ব।’

এই লিগের অন্যতম অংশীদার বলিউড অভিনেতা ও প্রযোজক অভিষেক বচ্চন। ভারতীয় বেসরকারি প্রতিষ্ঠান রুলস স্পোর্ট টেকের সঙ্গে যৌথভাবে তিনি ইটিপিএলে বিনিয়োগ করেছেন। অভিষেক বচ্চন বলেন, ‘যে মানের খেলোয়াড়রা যুক্ত হচ্ছেন, তাতে টুর্নামেন্টের সবকিছুই হবে বিশ্বমানের। এখন আসল পরিশ্রম শুরু, আর আমরা আত্মবিশ্বাসী যে ইটিপিএল বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে নিজের জায়গা করে নেবে।’ বিবিসি স্পোর্টের তথ্যমতে, ১০ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো প্রায় ১ কোটি ১১ লাখ পাউন্ডে (দেড় কোটি ডলার) বিক্রি হয়েছে। প্রতিটি দলের মরশুম ভিত্তিক বেতন কাঠামো হবে প্রায় ১১ লাখ পাউন্ড (১৫ লাখ ডলার)। ইটিপিএলের প্রথম আসর শুরু হওয়ার কথা ২৬ আগস্ট। ইতোমধ্যেই লিগটি আইসিসির অনুমোদন পেয়েছে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় লিগটি পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *