জি বাংলার যে ধারাবাহিক নিয়ে রীতিমতো চর্চা এখন তুঙ্গে, তা হল ‘চিরদিনই তুমি যে আমার’। সেখানে আর্য আর অপর্ণার জুটির পাশাপাশি, আরও দুটো চরিত্র দর্শকের মন জয় করে নিয়েছে, তারা হল কিংকর আর মীরা। অর্থাৎ অভ্রজিৎ চক্রবর্তী ও তন্বী লাহা রায়। এমনকী, কিংকর আর মীরার কেমিস্ট্রি নিয়েও কম আলোচনা চলছে না। অনেকে তো চাইছেন, একটু মীরা-কিংকরের প্রেমটাও যেন হয় গল্পে ধীরে ধীরে।
এরই মাঝে তন্বীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভ্রজিৎ। ফেসবুকে তন্বীর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘অভিনয় সূত্রে আলাপ এবং আশ্চর্য হলাম মনোনিবেশ দেখে, সর্বদা হাসিমুখের এই মেয়েটি কি অবলীলায় অত কিছু সামলায়, তারপর এরকম একটা চরিত্র যেখানে দর্শক মীরাকে ( চরিত্রকে) দোষারোপ করতে বাধ্য। এ হেন অবস্থায় কখনও কখনও সেই বিদ্রুপ বা তাচ্ছিল্য চরিত্র ছাড়িয়ে কখনও কখনও শিল্পীর ব্যক্তিগত জীবনেও প্রবেশ করে, আবার এটাও অভিনয়ের গুণেই পাওয়া তবু এরকমটা হয়, মানুষ তো, আমার দীর্ঘ অভিনয় জীবনে এহেন শিল্পী আমি খুবই কম দেখেছি, dedicated strong and well crafted and sorted (নিবেদিতপ্রাণ, শক্তিশালী এবং কাজের প্রতি খুব যত্নবান)।’
আর কিংকরের এই পোস্ট শেয়ার করে চিরদিনই তুমি যে আমার-এর তন্বী লিখলেন, ‘জানি না আমি ঠিক কতটা কী করতে পেরেছি। কিন্তু একজন বড় মাপের শিল্পীর কাছ থেকে প্রশংসা পাওয়া—এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না! Avrajit Chakraborty❤️।’
এরপর নিজের দর্শক ও ভক্তদের উদ্দেশে তন্বী আরও লিখলেন, ‘আর সেই পোস্টে আপনাদের (নেটিজেনদের) ভালোবাসায় ভরা মন্তব্যগুলো দেখে মনটা আরও ভরে গেল। এছাড়া আমার সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী, আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। এত ভালোবাসা, এত সমর্থন না পেলে আজ আমি যতটুকু এগোতে পেরেছি, সেটাও পারতাম না। আপনাদের এই পাশে থাকা—এটাই আমার সবচেয়ে বড় শক্তি।’আপাতত দিতিপ্রিয়া রায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর নতুন অপর্ণা হিসেবে এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন শিরিন পাল। দুজনের কেমিস্ট্রিও বেশ মন কাড়ছে ধীরেধীরে। চলছে আর্য আর অপর্ণার বিয়ের ট্র্যাক। মাঝে ঘুরেফিরে আসছে আর্যর অতীত, রাজনন্দিনী। এখন দেখার কোন বড় টুইস্ট সামনে অপেক্ষা করে আসছে। আর টিআরপি তালিকায় তা কোন খেল দেখায়।
