ছোটপর্দার জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’-এর অন্যতম আকর্ষণীয় চরিত্র হলো ‘মীরা’। এই গ্রে শেডের চরিত্রে অভিনেত্রী তন্বী লাহা রায়ের অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু হালে সিরিয়ালে দেখা যাচ্ছে না তন্বীকে। হঠাৎই অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ভক্তদের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা ছড়িয়েছে— তবে কি মীরা আর ফিরছে না?
তন্বীর রহস্যময় পোস্ট:
সম্প্রতি তন্বী নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল।’ সূর্যাস্তের প্রেক্ষাপটে তোলা এই বিষণ্ণ ছবির ক্যাপশন দেখেই নেটপাড়ায় ফিসফাস শুরু হয়। ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেন, কেন গল্পের ইতি এভাবে টেনে দিলেন তিনি?
ওরা মনে হয় আমায় আর চায় না’
তন্বীর সেই পোস্টের নিচে যখন এক অনুরাগী প্রশ্ন করেন, ‘সিরিয়ালে কবে ফিরবেন? আপনাকে খুব মিস করছি,’ তখন তন্বীর উত্তর ছিল আরও বিস্ফোরক। তিনি জবাবে লেখেন, ‘ওরা মনে হয় আমায় আর চায় না, অথচ তোমরা চাও। অনেক ভালোবাসা!’ অভিনেত্রীর এই মন্তব্য সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে, হয়তো চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাঁকে আর ফেরানোর পরিকল্পনা নেই।

ভক্তদের আশঙ্কা:
ধারাবাহিকের বর্তমানে যে মোড় এসেছে, সেখানে মীরার অনুপস্থিতি অনেকেই মেনে নিতে পারছেন না। তন্বীর এই ‘অসম্পূর্ণ গল্প’ বলার অর্থ কি মীরা চরিত্রটির চিরস্থায়ী বিদায়? যদিও এই বিষয়ে জি বাংলা বা সিরিয়ালের নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তন্বীর ক্ষোভ ও আক্ষেপ ভরা মন্তব্য জল্পনাকে উসকে দিয়েছে কয়েক গুণ।
অন্যান্য কাজ :
তন্বীর ব্য়ক্তিগত জীবনেও মাস কয়েক ধরেই ঝড়। এক বছর আগে মা-কে হারিয়েছেন অভিনেত্রী। অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে প্রেমের গল্পেও ইতি টেনেছেন। এর মাঝেই কেরিয়ারেও ছোট্ট ব্রেক। মিঠাই সিরিয়ালে তোর্সা ওরফে টেসবুড়ি হিসাবে দীর্ঘদিন দর্শক মনে পাকা জায়গা করে রেখেছিলেন তন্বী। এরপর জি বাংলাতেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেও নিজের ছাপ রেখেছেন তন্বী। ছোটপর্দার দর্শকরা এখন শুধুই জানতে চান, মীরা কি সত্যিই আর ফিরবে না?তন্বীর এই পোস্টের পর ‘মীরা’ ভক্তরা এখন সোশ্যাল মিডিয়ায় সরব। এখন দেখার, দর্শকদের চাপে মীরাকে আবারও ফিরিয়ে আনা হয়, নাকি তন্বীর এই ‘অসম্পূর্ণ গল্প’ সত্যিই অসম্পূর্ণই থেকে যায়।