ইউপিএসসি সিভিল সার্ভিসেসের পরীক্ষার জন্য সরকারি জায়গা থেকে প্রস্তুতি নিতে চান? পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেই সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যে প্রার্থীরা ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) সিভিল সার্ভিসেস পরীক্ষা দিতে চায়, তাঁদের জন্য ১০ মাসের বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিস সার্ভিসেস স্টাডি সেন্টার’-এ। ওই কোর্সের মাধ্যমে প্রিলিমিনারি ও মেনস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন প্রার্থীরা। তবে ১০ মাসের সেই কোর্স ভরতির জন্য অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হলে তবেই সরকারি কোর্সে ভরতি হওয়ার সুযোগ মিলবে। তবে যে প্রার্থীরা আগের কোনও বছরে ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছিলেন, তাঁরা সরাসরি এই কোর্সে ভরতির সুযোগ পাবেন।
কতদিন আবেদন করা যাবে?
ইতিমধ্যে ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিস সার্ভিসেস স্টাডি সেন্টার’-র ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রস্তুতিমূলক কোর্সে ভরতির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩০ মার্চ দুপুর তিনটে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
১) অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা।
২) সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ৫০ টাকা।
অ্যাডমিশন টেস্ট কীভাবে হবে?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দুটি ধাপে অ্যাডমিশন টেস্ট হবে। মোটামুটি ইউপিএসসি সিভিল সার্ভিসেসের পরীক্ষার ধাঁচেই হবে সেই অ্যাডমিশন টেস্ট।
১) প্রথম ধাপ: এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন), সাবজেকটিভ প্রশ্ন এবং প্রবন্ধ থাকবে।
২) দ্বিতীয় ধাপ: যে প্রার্থীরা প্রথম ধাপের গণ্ডি পার করবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

কোর্সের জন্য কত টাকা লাগবে?
১) জেনারেল তথা অসংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের প্রতি মাসে ১,০০০ টাকা দিতে হবে। অর্থাৎ মোট ১০,০০০ টাকা লাগবে।
২) তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীদের ক্ষেত্রে মাসিক কোর্স ফি হল ৫০০ টাকা। অর্থাৎ তাঁদের মোট ৫,০০০ টাকা খরচ হবে।
সেই কোর্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
১) ওই কোর্সে মক টেস্ট সিরিজ এবং মক ইন্টারভিউয়ের ব্যবস্থা থাকবে।
২) বিশেষজ্ঞ শিক্ষকরা ক্লাস নেবেন। যাঁরা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতির ক্লাস নিয়ে থাকেন।
৩) অনলাইনে ক্লাস হবে না। সশরীরে ক্লাসে উপস্থিত থাকবেন।
৪) অতীতে যাঁরা ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিস সার্ভিসেস স্টাডি সেন্টার’-র ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রস্তুতিমূলক কোর্স করেছেন, তাঁরা আর নতুন করে আবেদন করতে পারবেন না। তবে তাঁদের যাবতীয় সহায়তা করা হবে বলে রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।