US Fighter Jet Destroys Iranian Drone। আরব সাগরে যুদ্ধ কি তবে লেগেই গেল? ইরানের ড্রোন ধ্বংস করল মার্কিন যুদ্ধবিমান

Spread the love

মঙ্গলে অমঙ্গলের ধ্বনি শোনা গেল মধ্যপ্রাচ্যে। ইরানের একটি ড্রোনকে ধ্বংস করল মার্কিন যুদ্ধবিমান। আমেরিকার তরফ থেকে দাবি করা হচ্ছে, আরব সাগরে থাকা মার্কিন যুদ্ধবিমানবাহীন জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসে একটি ইরানি ড্রোন। সেই ড্রোনটিকেই নাকি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে। জানানো হয়েছে, ধ্বংস হওয়া ইরানি ড্রোনটি ছিল শহিদ-১৩৯। এদিকে যে মার্কিন যুদ্ধবিমানটি ড্রোনটিকে গুঁড়িয়ে দিয়েছে, সেটি ছিল এফ৩৫সি।

ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, ইরানের ড্রোনটি বিনা প্রোরোচনায় ধেয়ে আসছিল মার্কিন যুদ্ধজাহাজের দিকে। ড্রোনের উদ্দেশ্য ‘অস্পষ্ট’ ছিল বলে দাবি করা হয়। তবে সঙ্গে এও বলা হয়, ড্রোনটি নাকি ‘আগ্রাসী’ ভাবে উড়ে আসছিল মার্কিন রণতরী লক্ষ্য করে। এই আবহে সেটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমেরিকার তরফ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনায় কোনও মার্কিন সৈনিক জখম হননি বা আমেরিকার কোনও যুদ্ধ সরঞ্জাম এতে ক্ষতিগ্রস্ত হয়নি।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই ইরানের ওপর মার্কিন হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘বন্ধু’ হিসেবে পরিচিত একাধিক দেশ ইতিমধ্যেই ঘোষণা করেছে, তাদের আকাশসীমা কিংবা মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলা করা যাবে না। এই আবহে কয়েকদিন আগে মার্কিন সেনার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইজরায়েলি সেনার চিফ অফ স্টাফ আয়ল জমির। পরে ইজরায়েলি সেনা কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন সেই দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এই সবের মাঝেই গতকাল আবার মার্কিন পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার দখল করার চেষ্টা করে ইরানিরা। দাবি করা হচ্ছে, ইরানের ৬টি সশস্ত্র বোট নাকি তেলের ট্যাঙ্কারটি আটকানোর চেষ্টা করেছিল হরমুজ প্রণালীতে। পরে সেখানে মার্কিন রণতরী যায় এবং ট্যাঙ্কারটিকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসে। এই সব ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আরব সাগর অঞ্চলে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *