USA seeks help from Ukraine against Iran। ইরানের ড্রোনের মারে নাজেহাল আমেরিকা

Spread the love

ইরানের শহিদ ড্রোনের মারে নাজেহাল আমেরিকা। এই ড্রোনের জবাব খুঁজে পাচ্ছে না আমেরিকা। এই পরিস্থিতিতে ইউক্রেনের থেকে নাকি আমেরিকা সাহায্য চেয়েছে। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই নিয়ে জেলেনস্কি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমরা আমেরিকার থেকে একটি নির্দিষ্ট ক্ষেত্রে সাহায্যের আবেদন পেয়েছি। মধ্যপ্রাচ্য এলাকায় শহিদ থেকে সুরক্ষার ক্ষেত্রে সাহায্য চেয়েছে তারা। এই আবহে আমি ইউক্রেনিয়ান বিশেষজ্ঞদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি। আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আমাদের রক্ষা করতে যারা সাহায্য করে, তাদের ইউক্রেনও সাহায্য করে।’

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার একাধিক দেশ জুড়ে ইরান হামলা চালিয়েছে। বাহারিন থেকে শুরু করে দুবাই, সৌদি, কাতার, কুয়েতে মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। এই আবহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় আমেরিকার একাধিক সেনা জওয়ান নিহত হয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বি২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের বহু রণতরী তারা ধ্বংস করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি’র সদর দফতর ধ্বংস করে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন এবং ইজরায়েলি হামলায় খামেনেইর মৃত্যু ঘটেছে। এই আবহে বিপ্লবের পরে এই প্রথম সংকটের মুখে ইরানের ইসলামি শাসন ব্যবস্থা। এই খামেনেই ছিলেন ইরানের ইসলামি শাসন ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় দফার সর্বোচ্চ নেতা। আর খামেনেইর মৃত্যুর পর থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পরপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুবাইয়ের বিমানবন্দর থেকে শুরু করে বিখ্যাত হোটেলে আছড়ে পড়েছে ইরানি মিসাইল এবং ড্রোন। দুবাইয়ের বন্দরেও হামলা চালিয়েছে ইরান। এছাড়া হরমুজ প্রণালীতে একাধিক জাহাজে ইরানি ড্রোন এবং মিসাইল আঘাত হেনেছে। ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালী কার্যত স্তব্ধ। এর জেরে বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকে নিজেদের দূতাবাস খালি করিয়েছে আমেরিকা। সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল আছড়ে পড়েছিল এর আগে। আরও একাধিক দেশে মার্কিন দূতাবাসকে নিশানা করেছে ইরান। এই আবহে ইরানের শহিদের বিরুদ্ধে ইউক্রেনের কাছে নাকি সাহায্য চেয়েছে আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *