Vande Bharat Express 4.0 Speed। ঘণ্টায় ৩৫০ কিমিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

Spread the love

ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস – সেই স্বপ্নপূরণের লক্ষ্যেই ভারতীয় রেল এগিয়ে চলেছে বলে দাবি করা হল। ভারতীয় রেলের আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৭ সালেই বন্দে ভারত ৪.০ চলে আসতে পারে। আর সেই ট্রেনের বেগ ঘণ্টায় ৩৫০ কিমি ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে। সেই গতিতে ট্রেন চালানোর জন্য স্বভাবতই ডেডিকেটেড বা নির্দিষ্ট করিডর লাগবে। সেজন্য প্রাথমিকভাবে স্রেফ নির্দিষ্ট করিডরেই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস ৪.০। তাছাড়াও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে ২০৪৭ সালের মধ্যে দেশজুড়ে ৪,৫০০টির মতো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

আপাতত বন্দে ভারতের গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি

আর যদি সেটাই হয়, তাহলে একলপ্তে বন্দে ভারত এক্সপ্রেসের গতিবেগ বৃদ্ধি পাবে। কারণ আপাতত বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিমি বেগে ছুটতে পারে। তবে যাত্রীদের নিয়ে দৌড়ানোর সময় সেই গতিবেগ ঘণ্টায় ১৬০ কিমির মধ্যে রাখতে হয়।

আসলে কম গতিতে চলে বন্দে ভারত এক্সপ্রেস

যদিও ভারতের অধিকাংশ রুটে সেটা সম্ভব নয়। বন্দে ভারত যে রুটে চলে, সেখানে সর্বোচ্চ গতিবেগ মোটামুটি ঘণ্টায় ১১০ কিমি থেকে ১৩০ কিমির মধ্যে থাকে। ফলে খাতায়কলমে বন্দে ভারতের গতিবেগ বেশি হলেও যে লাইন দিয়ে ছুটছে, তা অত গতিবেগে ছোটার উপযুক্ত না হওয়ায় ভারতের সেমি-হাইস্পিড গড় গতিবেগ কমই থাকে।

সেটাই চ্যালেঞ্জিং হবে বন্দে ভারত এক্সপ্রেস ৪.০-র ক্ষেত্রেও। তাই প্রাথমিকভাবে স্রেফ ডেডিকেটেড করিডরেই বন্দে ভারত এক্সপ্রেস ৪.০ চালানোর কথা ভাবা হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। যেমন – ভারতের প্রথম বুলেট ট্রেনের জন্য মুম্বই এবং আমদাবাদ পর্যন্ত বিশেষ করিডর তৈরি করা হচ্ছে।

বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা ও নয়া প্রজন্ম

১) ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে।

২) ২০২২ সালের সেপ্টেম্বরে বন্দে ভারত এক্সপ্রেস ২.০ আসে।

৩) ২০২৫ সালে বন্দে ভারত এক্সপ্রেস ৩.০ নিয়ে আসা হয়েছে।

৪) আজ থেকে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। যে দূরপাল্লার যাত্রায় ব্যবহার করা হবে। হাওড়া-কামাখ্যা রুটে সেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *