Washington Post Lay off: ৩০০ সাংবাদিক ছাঁটাই ওয়াশিংটন পোস্টের

Spread the love

কংগ্রেস সাংসদ শশী থারুরের ছেলে ঈশান থারুর চাকরি হারালেন। ঈশান থারুর নিজেই এই খবরটি জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। ঈশান আবেগঘন পোস্টে লেখেন, তাঁর অনেক সহকর্মীও চাকরি হারিয়েছেন এবং এর জন্য তিনি খুবই দুঃখিত। উল্লেখ্য, ঈশান ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ছিলেন। ওয়াশিংটন পোস্ট প্রায় ৩০০ জন সাংবাদিককে ছাঁটাই করেছে বলে জানা যায়। একাধিক আন্তর্জাতিক সাংবাদিক এবং স্পোর্টস ডেস্কের অনেককে ছাঁটাই করেছে সংস্থাটি।

এই আবহে ঈশান থারুর একটি খালি নিউজরুমের ছবি শেয়ার করে লেখেন, ‘দিনটা খুব খারাপ।’ অন্য একটি পোস্টে তিনি লিখেছেন যে বেশিরভাগ আন্তর্জাতিক কর্মীকে চাকরি থেকে বের করা হয়েছে এবং আমি এটি নিয়ে খুবই দুঃখিত।’ ঈশান জানান, তিনি ১২ বছর কাজ করেছেন ওয়াশিংটন পোস্টে। এদিকে ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরোর প্রধান প্রাণশু বর্মাকেও ছাঁটাই করা হয়েছে বলে জানা গিয়েছে। তিনি চারবছর ধরে ওয়াশিংটন পোস্টের সঙ্গে যুক্ত ছিলেন।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দফায় প্রতিষ্ঠানটির প্রায় এক-তৃতীয়াংশ সাংবাদিককে ছাঁটাই করেছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সাংবাদিক ও এডিটরকে ছাঁটাই করা হয়েছে। এদিকে, ওয়াশিংটন পোস্ট গিল্ড গণছাঁটাইয়ের জন্য মালিক জেফ বেজোসের সমালোচনা করেছেন। কোনও মার্কিন মিডিয়ার ক্ষেত্রে একবারে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিকদের ছাঁটাই করেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেন, এই পদক্ষেপ খুব কঠিন ছিল, কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া প্রয়োজনীয় ছিল। তিনি কর্মীদের বলেছেন, পরিবর্তিত প্রযুক্তি ও পাঠকদের আগ্রহ অনুযায়ী প্রতিষ্ঠানে পরিবর্তন আনা প্রয়োজন। দাবি করা হচ্ছে, সংস্থার আর্থিক লোকসান কমাতেই এক ধাক্কায় এত কর্মী ছাঁটাই করল ওয়াশিংটন পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *