WB 5th Pay Commission DA। আদালত অবমাননার নোটিশের মধ্যেই বড়সড় আশ্বাসবাণী

Spread the love

সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রায় দু’সপ্তাহ পার হতে চলল। কিন্তু রাজ্য সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। একটি মহলের তরফে দাবি করা হচ্ছে যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার রায়ের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। সেই আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিমের আশ্বস্ত করলেন যে শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে বাধ্য হবে নবান্ন। সুপ্রিম কোর্টের রায়ের পরে রাজ্য সরকারি কর্মচারীদের সেই অধিকার কেউ খর্ব করতে পারবে না বলেও দাবি করেছেন কনফেডারেশনের আইনজীবী।

‘একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে….’, DA মামলা নিয়ে কী বললেন?

তাঁর কথায়, ‘রাজ্য সরকারি কর্মচারীরা জানতে চাইছেন যে আমরা এটা (সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়টি) আদৌও পাব কিনা। আপনি নিশ্চিতভাবেই পাবেন। কারণ আদালতের এই নির্দেশ রয়েছে। আর সেটা একেবারে স্পষ্টভাবে বলা আছে।’

‘রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার খর্ব করা যাবে না’

সেইসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী দাবি করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করলে এই সরকার কোথাও যেতে পারবে না। একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছে। সেটা মেনেই রাজ্য সরকারকে কাজ করতে হবে। অবিলম্বে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বাকি ৭৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে কমিটির নির্দেশ মতো। রাজ্য সরকারি কর্মচারীদের এই অধিকারকে কেউ খর্ব করতে পারে না বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী।

রাজ্যকে আদালত অবমাননার নোটিশ পাঠালেন রাজ্য সরকারি কর্মীরা

তারইমধ্যে রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কনফেডারেশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলায় মুখ্যসচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হল। এই অবমাননার নোটিশ মূলত তৎক্ষণাৎ ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর যে কথা বলা হয়েছিল তার প্রেক্ষিতে পাঠানো। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর আটদিনের বেশি অতিক্রান্ত হওয়ার পরেও বকেয়া মেটানোর জন্য কোনওরকম কোনও বৈঠক বা সদিচ্ছা সরকারের পক্ষ থেকে দেখতে না পেয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *