WB 7th Pay Commission: ‘সপ্তম বেতন কমিশন গঠন করেও রাজ্য সরকারি কর্মীদের কোনও লাভ হবে না’

Spread the love

নয়া বেতন কমিশন কবে গঠন করা হবে পশ্চিমবঙ্গে? তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। তবে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মন পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) নয়া বেতন কমিশনের ঘোষণা করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আরও এক কিস্তির মহার্ঘ ভাতারও (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ঘোষণা করতে পারে বলে মনে করছেন অনেকে। তবে নয়া বেতন বেতন কমিশন গঠন করা হলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কোনও লাভ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

‘লাভের লাভ কিছুই হবে না’, দাবি কনফেডারেশনের নেতার

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। তাঁদের অষ্টম বেতন কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশনের ঘোষণাই করা হয়নি। এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পড়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই বেতন কমিশনের আওতায় তাঁদের মোট ১৮ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে। সেই আবহে পশ্চিমবঙ্গ সরকার নয়া বেতন কমিশন (সপ্তম বেতন কমিশন) গঠন করলেও লাভের লাভ কিছুই হবে না।

AICPI অনুযায়ী ডিএয়ের দাবিতে রাস্তায় নামছেন সরকারি কর্মীরা

আর সেই আবহে রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আগামী ২৭ জানুয়ারি ‘সবাই শহিদ মিনার’ এবং মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর সেই মহা সমাবেশে যে কয়েকটা দাবি তোলা হয়েছে, তার মধ্যে অন্যতম হল ‘এআইসিপিআই (সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী) অনুযায়ী সকল বকেয়া-সহ কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং স্থায়ী আদেশনামা জারি (করতে হবে)।’

নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে বাজেটেই?

যদিও সেই মহা সমাবেশের বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। একাংশের ধারণা, আপাতত সম্ভবত কিছু বলবে না রাজ্য সরকার। মহা সমাবেশের পরপরই রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। সেখান থেকেই হয়তো এক কিস্তির ডিএ ঘোষণা করে দেওয়া হতে পারে। সেইসঙ্গে নয়া বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হলেও তাঁরা তাতে অবাক হবেন না বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *