WB Budget Expectation। রেল, এইমস, পরিকাঠামো থেকে মেট্রো- ভোটের আগে বাজেটে বাংলাকে ‘ঢালাও উপহার’?

Spread the love

বিহারের মতো পশ্চিমবঙ্গের জন্যও কি বাজেটে ঝাঁপি উজাড় করে দেওয়া হবে? গতবারের বাজেটে (২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে শেষ কেন্দ্রীয় বাজেট) যেভাবে বিহারের জন্য একের পর এক ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবার সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন একাংশ। ওই মহলের মতে, পশ্চিমবঙ্গের সঙ্গে অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরলে বিধানসভা নির্বাচন হলেও বিরোধী-শাসিত রাজ্যগুলির মধ্যে বিজেপির জয়ের সম্ভাবনা সবথেকে বেশি বাংলায়। তাই বাজেটে বাংলার উপরে বিশেষ ফোকাস করা হতে পারে।

বাজেটে বাংলার জন্য কী কী ঘোষণা করা হতে পারে?

১) উত্তরবঙ্গে পাখির চোখ ও একাধিক প্রকল্পের ঘোষণা: বাজেটে উত্তরবঙ্গের দিকে বাড়তি নজর দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, গত কয়েকটি নির্বাচনে বিজেপির শক্তি ঘাঁটি হয়ে উঠেছে উত্তরবঙ্গ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও সেই শক্তি ঘাঁটি ধরে রাখতে উত্তরবঙ্গের উপরে বিশেষ জোর দেওয়া হতে পারে। উত্তরবঙ্গকে পাখির চোখ করে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জোর দেওয়া হতে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের উপরে। পর্যটনের উপরে বাড়তি জোর দেওয়া হতে পারে।

২) নয়া এইমস ও শিক্ষা প্রতিষ্ঠান: উত্তরবঙ্গের জন্য নতুন একটি এইমস তৈরির ঘোষণাও করা হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। তাছাড়াও গুরুত্বপূর্ণ কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শাখা খোলারও ঘোষণা করা হতে পারে।

৩) বাংলার মন জিততে ট্রেনে সওয়ার: একাংশের ধারণা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একগুচ্ছ রেল প্রকল্পের ঘোষণা করা হতে পারে। এমনিতেই গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে একের পর এক রেলের প্রকল্পের ঘোষণা করা হচ্ছে। কোনও প্রকল্প নতুন, কোনও প্রকল্প আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। সেই রেশ ধরে বাজেটে আরও একাধিক প্রকল্পের ঘোষণা করা হতে পারে। নয়া ট্রেনের ঘোষণা, নয়া রেললাইন প্রকল্পের ঘোষণা, ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়া, লাইন ডাবলিংয়ের মতো একাধিক ঘোষণা করা হতে পারে বাজেটে। অমৃত ভারত প্রকল্পের আওতায় আরও বেশি সংখ্যক স্টেশনকে নিয়ে আসার ঘোষণাও করা হতে পারে।৪) শ্রমিক ও চাষিদের জন্য বিশেষ প্রকল্প: চা শ্রমিক, মৎস্য চাষিদের মন জিততে বিশেষ কোনও পদক্ষেপ করা হতে পারে। একইভাবে কৃষকদের দিকে বাড়তি নজর দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

৫) স্থানীয় সংস্কৃতির উফরে জোর: বাংলার অস্মিতা তুলে ধরার জন্য স্থানীয় সংস্কৃতির উপরে ফোকাস করে বিশেষ ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

৬) সড়ক উন্নয়ন ও পরিকাঠামোর উপরে জোর: উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগকারী রাস্তার উন্নয়ন, নয়া সড়ক প্রকল্প, লজিস্টিক হাব তৈরি, সমুদ্র উপকূলবর্তী এলাকার উন্নয়ন, বন্দরের উন্নয়ন-সহ সার্বিকভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য বড় অঙ্কের বরাদ্দ করা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই অংশের মতে, নয়া প্রকল্পের ঘোষণা করা হতে পারে।

৭) মেট্রোই হতে পারে মন জয়ের ‘বাহন’: নয়া কোনও মেট্রো প্রকল্পের ঘোষণা করা হয় কিনা, সেদিকেও নজর আছে। শিলিগুড়িতে মেট্রো চালানোর দাবি তোলা হয়েছে। সেই সংক্রান্ত কোনও ঘোষণা করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাছাড়া কলকাতা মেট্রোয় বরাদ্দ বৃদ্ধি পাওয়ার এবং নতুন কোনও পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *