নমিন’ডেথ গ্র্যাচুইটি’ পাওয়ার তালিকায় সৎ সন্তান, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মেয়েকেও যুক্ত করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের অর্থ দফতরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হলে ডেথ গ্র্যাচুইটির টাকা কারা কারা পাবেন, সেই তালিকা সংশোধন করা হল। তবে সেই বিষয়টি কার্যকর হবে তখনই, যখন সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীর কোনও বৈধ নমিনি থাকবে না। সেক্ষেত্রে পরিবারের সব সদস্যদের মধ্যে সেই নমিনির টাকা ভাগ করে দেওয়া হবে। আর সেই তালিকায় যুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের সৎ সন্তান, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মেয়েদেরও।
দীর্ঘদিন ধরেই আবেদন করা হচ্ছিল
নবান্ন সূত্রের খবর, ‘ডেথ গ্র্যাচুইটি’-র সুবিধা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই বিধবা বা বিবাহবিচ্ছিন্না মেয়ে এবং সৎ সন্তানরা আবেদন করে আসছিলেন। তাঁদেরও পরিবারের তালিকায় যুক্ত করার দাবি তুলেছিলেন। সেই আবহে নিয়ম সংশোধন করা হল। নিয়ম সংশোধনের মাধ্যমে ‘ফ্যামিলি’-র (পরিবার) তালিকায় তাঁদেরও যুক্ত করে দেওয়া হয়েছে।
নিয়ম চালুর আগে ঘটনায় কী হবে?
সেইসঙ্গে অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, এই নিয়ম সংশোধনের আগে বিধবা বা বিবাহবিচ্ছিন্না মেয়েদের সংক্রান্ত কোনও মামলা ঝুলে থাকে, তাহলেও নয়া বিজ্ঞপ্তির ভিত্তিতেই সেটির সমাধান করতে হবে। অর্থাৎ এই নয়া নিয়ম জারির আগে কোনও রাজ্য সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় মারা গিয়ে থাকলে তাঁর বিধবা বা বিবাহবিচ্ছিন্না মেয়েরাও ‘ডেথ গ্র্যাচুইটি’-র সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

‘ডেথ গ্র্যাচুইটি’-র ক্ষেত্রে কারা কারা পরিবার হিসেবে বিবেচিত হবেন?
১) পুরুষ অফিসারদের ক্ষেত্রে স্ত্রী।
২) মহিলা অফিসারদের ক্ষেত্রে স্বামী।
৩) পুত্র (সৎ ছেলেও)।
৪) অবিবাহিত বা বিধবা মেয়ে, বিবাহবিচ্ছিন্না মেয়ে (সৎ মেয়েও)।
৫) ১৮ বছরের কম বয়স্ক ভাইয়েরা, অবিবাহিত বা বিধবা বোনেরা।
৬) বাবা।
৭) মা।
৮) বিবাহিত মেয়েরা।
এই বিষয়টা মাথায় রাখতে হবে
আর পুরো বিষয়টার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে।নবান্ন সূত্রে খবর, কোনও রাজ্য সরকারি কর্মচারী চইলে পরিবারের সদস্য কত শতাংশ টাকা পাবেন, সেটা নির্ধারণ করে দিতে পারেন। এমনকী আত্মীয় না হলেও কাউকে নমিনি করে দিতে পারেন সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারী। সেক্ষেত্রে কর্মরত অবস্থায় ওই রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হলে তাঁর নির্দিষ্ট করা নমিনি নির্দিষ্ট পরিমাণের অর্থের ভাগ পাবেন। বৈধ নমিনি না থাকলেই তখন ফ্যামিলির তালিকা বিবেচিত হবে।