শীত এখনই পাততাড়ি গোটাচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু মাঘ মাসে ‘বাঘা শীত’ পড়ার কার্যত নেই বলেই মনে করছেন আবহবিদরা। তাঁদের মতে, এখন যা পরিস্থিতি, তাতে উত্তুরে হাওয়ার পথ বারবার রুদ্ধ হবে। বাধা পড়বে উত্তুরে বাতাস। আর তাই ঝপ করে তাপমাত্রা কমে গিয়ে যে জাঁকিয়ে শীত পড়বে, সেরকম আশা দেখা যাচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে-ধীরে বাড়বে। দিনভর ঠান্ডা-ঠান্ডা ভাবটা থাকবে না। বরং রোদের তাপ লাগবে গায়ে। মূলত রাত এবং ভোরের দিকেই শীত-শীত ভাবটা থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।
কখন ঠান্ডা থাকবে? কখন গরম হবে?
আর সেরকমই হবে সরস্বতী পুজোর সময়। এবার সরস্বতী পুজো পড়েছে দু’দিন ধরে (২৩ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি)। আবহবিদরা মনে করছেন, এবার সরস্বতী পুজো কিছুটা আগে পড়লেও সরস্বতী পুজোয় বেলা-দুপুরের দিকে রোদের তাপ মালুম হবে। যেমন কলকাতায় দুপুরের দিকে তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। রাত বা ভোরের দিকে পারদ নামতে পারে ১৪-১৫ ডিগ্রির ঘরে। মূলত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীত মালুম হবে।
আগামী কয়েকদিনে চড়বে বাংলার পারদ
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রির মতো বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

আজ কলকাতার পারদ কতটা চড়েছে?
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৩.১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম হলেও শুক্রবারের থেকে পারদ কিছুটা চড়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা হল ২৩.৮ ডিগ্রি। আজ কলকাতার তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির স্তরের মধ্যে ঘোরাফেরা করবে।