Weather Forecast of WB। সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার মুড সুইং?

Spread the love

আসন্ন সপ্তাহেই রয়েছে মাঘ পঞ্চমী। সরস্বতী পুজো পড়ছে ২৩ জানুয়ারি। এদিকে, বাংলার ঠান্ডা কার্যত স্টেপ আপ করে ব্যাটিং চালিয়ে যাচ্ছে! শীতের ভেল্কি নাচনে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৬র কাছাকাছি। দক্ষিণবঙ্গ কার্যত খেজুর গুড়ের মরশুমে জবুথবু হালতে! এমন সময় আবহাওয়ার ‘মুড সুইং’র পূর্বাভাস রয়েছে। সরস্বতী পুজো থেকে আবহাওয়ার মেজাজ পাল্টে যেতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণ থেকে উত্তরবঙ্গ, এবার শীত কোথায় কেমন মেজাজে থাকতে চলেছে, দেখে নিন।

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে, আগামী ২ দিনে কলকাতা ও রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। আর সরস্বতী পুজো আসতে আর হাতে গোনা ঠিক ৫ দিন। এই অবস্থায় তাপমাত্রার বৃদ্ধি ইঙ্গিত করছে, সরস্বতী পুজোতেও তাপমাত্রার পারদ উপরের দিকেই থাকবে। ফলত, শাড়ি পরে, কিম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে কেতাদুরস্ত ফ্যাশনে যদি ‘বাঙালির ভ্যালেন্টাইন্স’ মাতাতে চান, তাহলে সেই সুযোগ হয়তো পেতে পারেন। মাঘের মিঠে রোদ সঙ্গে নিয়ে সরস্বতী পুজোর সময় এবার আবহাওয়া হয়তো স্বস্তি দিতে চলেছে দক্ষিণবঙ্গে।

আসরে পশ্চিমি ঝঞ্ঝা:-

শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে এন্ট্রি নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এরপর নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা সোমবার প্রবেশের পূর্বাভাস রয়েছে। যার জেরে চলছে তাপমাত্রার ওঠানামা। এই পশ্চিমি ঝঞ্ঝাই শীতের দুরন্ত গতির মাঝে তাপমাত্রার তারতম্য ঘটাচ্ছে। এদিকে, সরস্বতী পুজোর দিন শহর কলকাতায় গরম অনুভূত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার হালহকিকত

আপাতত উত্তরবঙ্গে আগামী সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৯ জানুয়ারকির মাঝে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে খানিকটা। প্রায় ২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে শান্তিনিকেতনের হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়েছে কল্যাণী ও বাঁকুড়া। সেখানে তাপমাত্রা ৯.৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। কলকাতা ও চার সংলগ্ন জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার কলকাতার তাপমাত্রা ১৩.১ ডিগ্রি ছিল, যা স্বাভাবিকের থেকে ১. ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *