West Bengal Vote 2026। বাংলার ২০২৬ ভোটে ওয়াইসির হাতে হাত রাখছেন হুমায়ুন?

Spread the love

বাংলার ভোটের রণদামামা বেজে গিয়েছে। ২০২৬ ভোট পর্বে এবার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের দল ‘জনতা উন্নয়ন পার্টি’ বা জেইউপি কি আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর সঙ্গে হাত মেলাবে? এই প্রশ্ন বহুদিন ধরেই বাংলার রাজনীতির অলিন্দে ঘুরপাক খেয়েছে। চড়েছে জল্পনার পারদ। রিপোর্ট বলছে, আজ সেই জল্পনার যবনিকা পতন হয়েছে।

আগেই জেইউপির তরফে দলের মুখপাত্র কামাল হোসেন জানান, ওয়েইসির নির্দেশেই মিমের রাজ্যসভাপতি ইমরান শনিবার রেজিনগরের সভায় আসছেন। আরও কয়েকটি দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরই খবর, মুর্শিদাবাদের রেজিনগরের সভায় ওয়েইসির মিমের দলের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি কার্যত জানিয়ে দেন দুই দলের জোটের সম্ভাবনা প্রবল। বিজেপি ও তৃণমূলের সমালোচনা করে সোলাঙ্কি বলেন,’বিজেপিকে এরাজ্যে নিয়ে এসেছেন মমতাই। আমাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে করতে হবে। সংখ্যালঘুরা ভেবে নিয়েছে এবার ভোট দেব হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি ও মিমকে।’ তাঁদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার সুরে মিমের সোলাঙ্কি বলেন,’বিজেপিকে আটকাতে ২০২১ সালে আমরা মমতাকে ভোট দিয়েছিলাম। দিদিকে বলি, আরএসএসের দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। এবার রাজ্যের পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এর আগে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন জেইউপির হুমায়ুন কবির। শুক্রবার তিনি দেখা করেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গেও। এরপরই সোলাঙ্কির তরফে এল এই বড় বার্তা। এদিকে, সেলিম, কবির বৈঠক নিয়ে বামেদের প্রবীণ বামনেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলছেন, আর যাই হোক সিপিএম নিশ্চয়ই কোনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করবে না।

এর আগে, ২০২৬র ভোট নজরে রেখেই ২০২৫ সালের ডিসেম্বরে নতুন পার্টির ঘোষণা করেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের এই সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা হুমায়ুন কবির, এর আগে, মুর্শিদাবাদে বাবরি মসজিদের গঠনের ডাক দিয়ে সুর চড়ান। এরপর ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে হুঙ্কার দিয়ে হুমায়ুন দুশোর কাছাকাছি আসনে লড়াইয়ের ঘোষণা করেছিলেন। ইচ্ছা প্রকাশ করেন মিমের সঙ্গে হাত ধরে বাংলার বুকে লড়াই করার। এরপরই এল মিমের তরফে একজোটে লড়াইয়ের বড় বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *