পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান ক্রিকেটের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান এই মুহূর্তে কেমন আছেন? এই প্রশ্ন ঘিরে ক্রমেই সরব হচ্ছে পাকিস্তানের রাজনীতি। এদিকে তারই মধ্যে ইমরান খানকে নিয়ে এক ইঙ্গিতবহ বার্তা দিলেন তাঁরই ছেলে কাসিম ও সুলেমান খান। উল্লেখ্য, কাসিম ও সুলেমান খান, ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা ও ইমরানের সন্তান। এদিকে, শুধু কাসিমরাই নন, ব্রিটিশ সেলেব জেমাইমাও সরব হয়েছেন ইমরানের খোঁজ খবর নিয়ে।
কাসিম ও সুলেমান খান সদ্য দাবি করেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ভিতর এক মৃত্যু কুঠুরিতে আটকে রাখা হয়েছে ইমরানকে। তাঁর সঙ্গে দেখা করার আইনি ছাড়পত্র থাকলেও তাঁর সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। কাসিমদের দাবি, গত ৪৭ দিন ধরে ইমরান খান সম্পর্কে কোনও তথ্য দেওয়া হচ্ছে না পাকিস্তানের প্রশাসনের তরফে। এদিকে, গোটা পাকিস্তান জুড়ে ছড়িয়েছে জেলবন্দি ইমরানের মৃত্যু নিয়ে নানান গুজব। এরই মাঝে ইমরানের পুত্র কাসিম ও সুলেমানের দাবি, ‘যা ফিরিয়ে নেওয়া যায়না, এমন কিছু ঘটে থাকতে পারে’, কাসিমদের দাবি, ‘তা লুকনো হচ্ছে।’ প্রসঙ্গত, তিন সপ্তাহ হয়ে গিয়েছে, ইমরান খান জীবিত কি না, তার প্রমাণ এখনও দিতে পাকিস্তানি কর্তৃপক্ষ। আসিম মুনিরের সঙ্গে ইমরানের সম্পর্ক ঘিরেও নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে গোটা পাকিস্তানে। এই পরিস্থিতিতে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ এক এক্স পোস্টে লেখেন,’ ফোনেও কথা বলতে দেওয়া হচ্ছে না তাঁর সঙ্গে, কাউকে দেওয়া হচ্ছে না।’ ফলত, সন্দেহের পাহাড় জমতে শুরু করেছে। ইমরান খানের ছেলেরা বলছেন, ‘আজ, তাঁর অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনও যাচাইযোগ্য তথ্য নেই।’ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাসিম ও সুলেমানের দাবি, ‘বাবা নিরাপদে আছেন, আহত আছেন, এমনকি বেঁচে আছেন কিনা তা না জানা এক ধরণের মানসিক নির্যাতন।’

গত সপ্তাহেই কাসিম বলেছিলেন,’আমার বাবা ৮৪৫ দিন ধরে আটক আছেন। গত ছয় সপ্তাহ ধরে, তাঁকে নির্জন কারাগারে মৃত্যু কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে কোনও স্বচ্ছতা নেই।’উল্লেখ্য, ক্রমেই এই ইস্যুতে উত্তাল হচ্ছে গোটা পাকিস্তান।