মেয়ের বিয়ের বিপুল আয়োজন ঘিরে গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে বিহারের মোকামার বাহুবলী বিধায়ক অনন্ত সিং। পাটনার নাদাওয়ানে তাঁর মেয়ের বিয়েতে অতিথি সমাগম থেকে শুরু করে রাজকীয় আয়োজন, সব কিছুই নজর কেড়েছে দেশবাসীর। তবে এবার সেই বিয়েকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক পুলিশকর্মী নিজের কর্তব্য ভুলে উর্দি পরেই অতিথিদের খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ওই পুলিশকর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত ২৫ নভেম্বর ছিল অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে প্রায় ৪ লক্ষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গিয়েছে। অতিথিদের আপ্যায়নে ছিল ১৫০ রকমের খাবারের আয়োজন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে বিয়েবাড়ির আশপাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকর্মী সতীশ কুমারকে। কিন্তু অভিযোগ, নিজের নির্ধারিত দায়িত্ব পালন না করে তিনি বিয়েবাড়িতে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের উর্দি পরেই অতিথিদের হাতে খাবারের প্লেট তুলে দিচ্ছেন সতীশ। শুধু তাই নয়, তাঁদের খাবার পরিবেশন করতেও দেখা যায় তাঁকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে পাটনা ট্রাফিক পুলিশ। যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে সরিয়ে তাঁকে পাটনা জেলা সদর দফতরে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকে শোকজও করা হয়েছে। তদন্তের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
পাটনা ট্রাফিক পুলিশের তরফে এই ঘটনাকে কর্তব্যে গুরুতর গাফিলতি বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের বক্তব্য, উর্দি পরে ব্যক্তিগত অনুষ্ঠানে খাবার পরিবেশন করে ওই জওয়ান পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকারি দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, শিবাঙ্গী সিংয়ের বিয়েকে কেন্দ্র করে কার্যত উৎসবের চেহারা নিয়েছিল পাটনার নাদাওয়ান। বিহারের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী ঝাড়খণ্ড থেকেও হাজার হাজার মানুষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। আমন্ত্রিতদের জন্য ছিল অবাধ যাতায়াতের ব্যবস্থা। খাবারদাবারের পাশাপাশি অতিথিদের মনোরঞ্জনের জন্যও নেওয়া হয়েছিল একাধিক বিশেষ উদ্যোগ।
বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি মাহিন্দ্রা থর গাড়ি। খাবারের বিপুল আয়োজন সামলাতে ৩০০-রও বেশি জায়গায় রান্নার ব্যবস্থা করা হয়েছিল। দায়িত্বে ছিলেন কয়েকশো বাবুর্চি। অন্যদিকে, জয়পুরের রাজপ্রাসাদের আদলে তৈরি করা হয়েছিল বিয়ের মণ্ডপ। নিউজিল্যান্ড, চিন ও থাইল্যান্ড থেকে আনা ফুল দিয়ে সাজানো হয়েছিল গোটা অনুষ্ঠানস্থল।
ভিআইপি এবং সাধারণ অতিথিদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছিল। কিন্তু সমস্ত আয়োজন সত্ত্বেও প্রত্যাশার তুলনায় জনসমাগম এতটাই বেশি হয়ে যায় যে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় আয়োজকদের। বিয়ের দিন প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয় বলে জানা গিয়েছে। খাবার সংগ্রহ করতে গিয়ে অতিথিদের মধ্যে হুড়োহুড়ি এবং কাড়াকাড়ির ছবিও সামনে আসে। এমনকী, বিয়ের অনুষ্ঠান এক ঝলক দেখার জন্য উৎসুক মানুষকে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়তেও দেখা যায়।

সব মিলিয়ে অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে যেমন বিপুল আয়োজনের জন্য দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল, তেমনই এবার সেই অনুষ্ঠানে কর্তব্যরত পুলিশকর্মীর অতিথি আপ্যায়নের ভিডিও ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। রাজকীয় বিয়ের জাঁকজমকের আড়ালে পুলিশের দায়িত্ব ও কর্তব্যে গাফিলতির প্রশ্নই এখন নতুন করে চর্চায়।