২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী INDIA জোটের অন্দরে শুরু হয়েছে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেও কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন ভাগাভাগির অঙ্কে দেখা দিয়েছে বিরাট ফারাক। কংগ্রেস যেখানে ১২০টি আসন দাবি করেছে, সেখানে হাত শিবিরকে মাত্র ২৬টি আসন দেওয়ার প্রাথমিক প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (SP)। সোমবার দিল্লিতে দুই দলের মধ্যে প্রথম দফার বৈঠকের পর মঙ্গলবার এই প্রস্তাবের কথা প্রকাশ্যে আনেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদব। ফলে ৪০৩ আসনের উত্তরপ্রদেশে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে কতটা আসন সমঝোতা হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সোমবার দিল্লিতে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে আসন বণ্টন নিয়ে আলোচনায় বসেন দুই দলের প্রতিনিধিরা। কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন রাজেন্দ্র পাল গৌতম, অর্চনা মিশ্র, ইমরান মাসুদ এবং বীরেন্দ্র চৌধুরী। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রতিনিধিদলে ছিলেন রামগোপাল যাদব, রাজীব রাই, ইকরা হাসান এবং শ্যামলাল পাল। প্রায় ২০ মিনিটেরও কম সময় ধরে চলে এই বৈঠক। পরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামগোপাল যাদব জানান, কংগ্রেসকে ২৬টি আসনের প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে দুই দলের মধ্যে আলোচনা এখনও চলছে।
অন্যদিকে, শুরুতে ১৮১টি আসনের দাবি জানিয়েছিল কংগ্রেস। পরে সেই দাবি কমিয়ে প্রায় ১২০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয় তারা। এর মধ্যে অন্তত ৫০টি আসনকে নিজেদের জয়ের সম্ভাবনাময় কেন্দ্র বলে দাবি করেছে হাত শিবির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলের ফলাফল এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় সাংগঠনিক শক্তির কথা মাথায় রেখেই এই দাবি জানানো হয়েছে বলে কংগ্রেসের বক্তব্য। দলের নেতা রাজেন্দ্র পাল গৌতমের দাবি, রায়বেরেলি, সাহারানপুর, বারাবাঁকি, সীতাপুর, আমেঠী এবং প্রয়াগরাজের মতো কংগ্রেসের বর্তমান লোকসভা কেন্দ্রগুলির অধিকাংশ বিধানসভা আসন তাদের দেওয়া হোক। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের ৭৫টি জেলার প্রতিটিতে অন্তত একটি করে আসন চেয়েছে কংগ্রেস।
সমাজবাদী পার্টির প্রস্তাবিত ২৬টি আসনের তালিকাতেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর মধ্যে রয়েছে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জেতা রামপুর খাস ও ফেরেন্দা। পাশাপাশি গত নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা মথুরা, খেরাগড়, জগদীশপুর এবং কিদওয়াই নগরের মতো আসনও রয়েছে তালিকায়। বাকি কেন্দ্রগুলির মধ্যে উল্লেখযোগ্য বাগপত, মোদিনগর, হাপুর, জেওর, খুরজা, আগ্রা উত্তর, গোরখপুর শহর এবং বারাণসী ক্যান্টনমেন্ট। অর্থাৎ, নিজেদের রাজনৈতিক ও নির্বাচনী হিসাব অনুযায়ী নির্দিষ্ট কিছু আসন কংগ্রেসকে দিয়ে সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে অখিলেশের দল।
আসন বণ্টনের ক্ষেত্রে ব্যক্তিগত বা দলীয় দাবি নয়, বরং সংশ্লিষ্ট কেন্দ্রে জয়ের সম্ভাবনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছে সমাজবাদী পার্টি। রামগোপাল যাদব জানিয়েছেন, কোন দল কোন আসনে জিততে পারবে, সেই বাস্তব পরিস্থিতি বিচার করেই আসন ভাগাভাগির সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, কংগ্রেসের রাজ্য সভাপতি অর্চনা মিশ্রের দাবি, দুই দলের মধ্যে বৈঠক ইতিবাচক হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে বলে আশাবাদী তিনি। তবে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

উল্লেখ্য, ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৩৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দু’টিতে জয় পেয়েছিল কংগ্রেস। অন্যদিকে, সমাজবাদী পার্টির ঝুলিতে এসেছিল ১১১টি আসন। এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও দুই দল জোট বেঁধে লড়াই করেছিল। কিন্তু সেবারও প্রত্যাশিত সাফল্য আসেনি। সমাজবাদী পার্টি পেয়েছিল ৫৪টি আসন, আর কংগ্রেসের জয় সীমাবদ্ধ ছিল মাত্র সাতটিতে।