এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। যাতে জুটি হিসেবে দেখা যাচ্ছে অভিষেক বীর শর্মা ও আরাত্রিকা মাইতিকে। এই ধারাবাহিক চলাকালীন দুজনের প্রেমের খবরও রটেছে। এমনকী, একে-অপরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় করা তাঁদের পোস্ট, দামি-দামি উপহার, উসকে দিয়েছিল প্রেমের জল্পনাকেও।
তবে আচমকাই যেন ঋষি-উজি-র জুটির ছন্দপতন! সোশ্যাল মিডিয়ায় থাকা তাঁদের ভক্তরাই খুঁজে বের করেছেন যে, হঠাৎই আনফলো করে দিয়েছেন একে-অপরকে। এক সংবাদমাধ্যমের তরফে এই নিয়ে আরাত্রিকাকে প্রশ্ন করা হলে, তিনি কোনো উত্তর দিতেই চাননি। বলেন, ‘আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। নো কমেন্টস’।
গত বছর ডিসেম্বর মাসে আরাত্রিকার জন্মদিনে একটি ইনস্ট্যান্ট ক্যামেরা উপহার দিয়েছিলেন অভিষেক। আরাত্রিকা নিজেই সোশ্যাল মিডিয়ায় তা ভাগ করে নেন। এটা আমার উইশলিস্টে ছিল অনেকদিন ধরে। তোমাকে যতই ধন্যবদ দেই কম হবে।’ এরপর জোয়ার ভাঁটার নায়কের উদ্দেশে লিখলেন, ‘you know you matter so much to me!’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘তুমি তো জানো, তুমি আমার কাছে কতোটা গুরুত্বপূর্ণ’। আর আরাত্রিকা অভিষেকের জন্মদিনে তাঁদের একসঙ্গে কাটানো নানান মুহূর্তের কোলাজের ভিডিয়ো বানিয়েছিলেন ‘মটরগস্তি’ গানের সঙ্গে।
ধারাবাহিকের নায়ক-নায়িকাদের মধ্যে এই ভুল বোঝাবুঝি অবশ্য নতুন নয়। কদিন আগে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি চলাকালীন তো জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ঝামেলা এতই বেড়েছিল যে, মুখ দেখাদেখি অবধি বন্ধ ছিল। মাঝপথে দিতিপ্রিয়াকে ধারাবাহিকও ছাড়তে হয়।

কদিন আগে এক সাক্ষাৎকারে অভিষেকের সঙ্গে প্রেমচর্চা নিয়ে আরাত্রিকাকে বলতে শোনা যায়, তাঁদের রসায়ন পর্দায় সুন্দর করে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন বলেই, দর্শক এমন একটা ধরাণা তৈরি করেছে। আরাত্রিকার কথায়, ‘সিরিয়ালের জুটির জন্য খুবই ভালো। কারণ জুটিতে একটা ভালো কেমিস্ট্রি দেখেছে বলেই বাস্তবে রিলেট করেছে। এটাকে আমি পজিটিভ হিসেবেই নিচ্ছি। তবে এটা যখন খুব বাড়াবাড়ি দিকে চলে যায়, তখন খুব সমস্যা হয়।’