ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সেই প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। দেশে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকা পেট্রোল ও ডিজেলের দাম এবার অস্থিরতার দিকে যেতে শুরু করেছে।বেসরকারি তেল সংস্থা নায়ারা এনার্জি হঠাৎ পেট্রলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়ে ইঙ্গিত দিয়েছে যে তেল বাজারে চাপ বাড়ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে বিশ্ববাজারে জ্বালানির মূল্য প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ কিন্তু ভারতের জ্বালানি বিপণনকারী কোম্পানিগুলি পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি করেনি ৷ স্বভাবতই এই অবস্থায় প্রবল চাপের মধ্যে ছিল কোম্পানিগুলি ৷ ভারতে ১ লক্ষ ২ হাজার ৭৫টি পেট্রল পাম্পের মধ্যে ৬ হাজার ৯৬৭টি পেট্রল পাম্প পরিচালনা করে নায়ারা এনার্জি৷ সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির চাপ এবার গ্রাহকদের উপর চাপিয়ে দিতে চাইছে এই সংস্থা ৷ নায়ারা এনার্জির বেশিরভাগের মালিকানা রাশিয়ার রোজনেফ্ট-এর ৷ এই সংস্থাটি পেট্রলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি করেছে ৷ ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট)-এর মতো স্থানীয় কর আরোপের ফলে বিভিন্ন রাজ্যে পেট্রল-ডিজেলের দাম ভিন্ন হতে পারে ৷ কোথাও কোথাও পেট্রলের দাম লিটার প্রতি ৫.৩০ টাকা দাম বেড়েছে ৷
সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি হলেও ভারতের বেসরকারি সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও ক্ষতিপূরণ পায় না ৷ কিন্তু রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি অনেক সময় সরকারের নীতিগত সহায়তা পায়, যার ফলে তারা দাম বাড়াতে দেরি করে। এই অবস্থায় মূল্য বৃদ্ধি করা ছাড়া আর নায়ারা এনার্জির কাছে কোনও উপায় ছিল না। এদিকে, এই মূল্যবৃদ্ধির খবরে অনেক জায়গায় পেট্রল পাম্পে ভিড় বাড়তে দেখা গেছে। সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী দিনে আরও দাম বাড়তে পারে। ইতিমধ্যেই শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা পরিবহন খরচ বাড়িয়ে সামগ্রিকভাবে মূল্যস্ফীতি বাড়াতে পারে। অন্যদিকে, দেশের মধ্যে হায়দরাবাদে পেট্রলের ক্ষেত্রে সর্বোচ্চ দামের খবর পাওয়া গিয়েছে। সেখানে বৃহস্পতিবার পর্যন্ত প্রতি লিটার পেট্রলের দাম ১০৭.৪৬ টাকা। মুম্বই এবং কলকাতার মতো অন্যান্য শহরেও পেট্রলের দাম প্রতি লিটারে ১০০ টাকার উপরে রয়েছে। ডিজেলের দামের ক্ষেত্রে হায়দরাবাদ তালিকায় শীর্ষ স্থানে রয়েছে, যেখানে প্রতি লিটারের দাম ৯৫.৭০ টাকা।বর্তমানে ভারতের জ্বালানি বাজার অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, অন্যদিকে সরবরাহ শৃঙ্খলের চাপ-সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে।
