যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ‘এপস্টেইন ফাইল’-এর আরও নথি প্রকাশ করছে বিচার বিভাগ। তবে পুরো নথি এখনই প্রকাশ করা হচ্ছে না। ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষার জন্য কিছু নথি প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পুরো ফাইল প্রকাশে বিলম্ব হলে কংগ্রেসে প্রতিক্রিয়া ও রাজনৈতিক চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারিতে যুক্ত হলো নতুন অধ্যায়। শুক্রবার (১৯ ডিসেম্বর) মার্কিন বিচার বিভাগ জানায়, এপস্টেইনের জীবন ও অপরাধসংক্রান্ত বিপুল সরকারি নথির একাংশ প্রকাশ শুরু হয়েছে। প্রকাশিত এসব নথিতে কয়েক লাখ ডকুমেন্ট রয়েছে।
নথিতে যাদের ছবি প্রকাশিত হয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ব্রিটিশ সংগীতজ্ঞ ও গীতিকার মিক জ্যাগার ও সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের মতো ব্যক্তিত্বও।
তবে বহুল প্রতীক্ষিত এপস্টেইন ফাইলের সামান্য কিছু অংশই প্রকাশ করা হয়েছে। বিচার বিভাগ বলছে, এখনও বিপল সংখ্যক নথি যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। যার কারণে তাৎক্ষণিকভাবে সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষার জন্য কিছু নথি প্রকাশে দেরি হচ্ছে। ফক্স নিউজকে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহে আরও কয়েক লাখ নথি ধাপে ধাপে প্রকাশ করা হবে।
তবে সীমিত নথি প্রকাশে ক্ষোভ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ গত নভেম্বরে পাস হওয়া ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’-এ ৩০ দিনের মধ্যে পূর্ণ নথি প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিল মার্কিন কংগ্রেস। এতে পুরো ফাইল প্রকাশে বিলম্ব হলে কংগ্রেসে প্রতিক্রিয়া ও রাজনৈতিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

এই নথিগুলোতে এপস্টেইনের সঙ্গে ধনী, বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে, যার মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও রয়েছেন। একটি নথিতে নগ্ন ও স্বল্পবসনা ব্যক্তিদের ডজনখানেক ছবি রয়েছে। অন্য একটি ছবিতে এপস্টেইনের সঙ্গে তার সঙ্গীদের আগ্নেয়াস্ত্র হাতে পোজ দিতে দেখা যাচ্ছে, যদিও তাদের মুখগুলো অস্পষ্ট করে দেয়া হয়েছে।আগে কখনও প্রকাশ হয়নি এমন একটি ছবিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হট বাথটাবে গোসল করতে দেখা যাচ্ছে। তবে ছবির কিছু অংশ ঢেকে দেয়া হয়েছে। অন্য একটি ছবিতে ক্লিনটনকে কালো চুলের এক নারীর সঙ্গে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি এপস্টেইনের সহযোগী গিজলেইন ম্যাক্সওয়েল।
আরেকটি ছবিতে ম্যাক্সওয়েলকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার ছোট ভাই ও প্রয়াত রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, অ্যান্ড্রু পাঁচ ব্যক্তির পায়ের ওপর শুয়ে আছেন। এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি অ্যান্ড্রুর রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ এবং অন্যান্য সম্মানসূচক রাজকীয় খেতাব প্রত্যাহার করেন রাজা তৃতীয় চার্লস।
প্রেসিডেন্ট নির্বাচনের সময় এপস্টেইন ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু নির্বাচিত হওয়ার পর এ ব্যাপারে গড়িমসি শুরু করেন তিনি। তবে শেষ পর্যন্ত কংগ্রেসে এমনকি নিজ দলের সদস্যদের চাপের কাছে নতি স্বীকার করেন। এরপর গত মাসে নথিগুলো প্রকাশের ব্যাপারে একটি আইনে স্বাক্ষর করেন।