জিন্দলের মেয়ের বিয়েতে একমঞ্চে নাচলেন মহুয়া-কঙ্গনা-সুপ্রিয়া

Spread the love

শিল্পপতি থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা নবীন জিন্দলের মেয়ের বিয়েতে একমঞ্চে নাচতে দেখা গেল বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রা এবং এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলেকে। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’-এর টাইেল ট্র্যাকে পারফর্ম করেন এই ত্রয়ী। এর আগে এই তিন সাংসদের রিহার্সেলের ছবিও ভাইরাল হয়েছিল। কঙ্গনা রানাওয়াত নিজেই সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেই ছবিতে নবীন জিন্দল, মহুয়া মৈত্রা এবং সুপ্রিয়া সুলের সাথে রিহার্সেল করতে দেখা গিয়েছিল কঙ্গনাকে।

উল্লেখ্য, বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের মেয়ে যশস্বিনীর বিয়ে অনুষ্ঠিত হয় গত ৪ ডিসেম্বর। নানান ইস্যুতে মতানৈক্য থাকলেও শাসক ও বিরোধী শিবিরের এই সাংসদদের একই মঞ্চে নাচতে দেখা গেল সেই বিয়ের অনুষ্ঠানেই। যশস্বিনী বিয়ে করেন বিশিষ্ট শিল্পপতি সন্দীপ সোমানি ও সুমিতার ছেলে শশ্বত সোমানিকে। জাঁকজমকপূর্ণ সেই বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি চোখে পড়েছিল।

২০০৪ সালে কংগ্রেসের টিকিটে সংসদে প্রবেশ করেন শিল্পপতি জিন্দল। কুরুক্ষেত্র আসন থেকে তিনি ২ দফায় ১০ বছর সাংসদ থাকেন ২০১৪ সাল পর্যন্ত। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী কাছে হেরে গিয়েছিলেন। পরে ২০২৪ সালে বিজেপি-তে যোগ দেন তিনি। এরপর পদ্ম প্রতীকে লড়ে ২০২৪ সালে ফের কুরুক্ষেত্র থেকে তৃতীয়বারের মতো সাংসদ হন নবীন। তাঁর মা সাবিত্রী দেবী হরিয়ানার প্রাক্তন মন্ত্রী। তিনিও কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। নির্দল হিসেবেই হিসার বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি। পরে বিজেপি-কে সমর্থন জানিয়েছিলেন। নবীন জিন্দল হলেন জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের (পূর্বে জিন্দাল স্ট্রিপস লিমিটেড নামে পরিচিত) চেয়ারম্যান। তিনি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *