জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘তুমি এলে তাই’! ভাগ্যলক্ষ্মীর গল্পে ফিরছেন সপ্তাশ্রী, থাকছেন শ্রীতমাও

Spread the love

বেশ কিছুদিন ধরেই জি বাংলার পর্দায় নতুন একটি ধারাবাহিকের আগমনের ইঙ্গিত মিলছিল। বারবার দেখানো হচ্ছিল নতুন ধারাবাহিকের ঝলক। তবে সেখানে শুধু নাম প্রকাশ করা হয়েছিল, গল্প বা চরিত্র সম্পর্কে কোনও তথ্যই জানানো হয়নি। অবশেষে প্রকাশ্যে এল নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো। ধারাবাহিকের নাম ‘তুমি এলে তাই’। প্রোমো সামনে আসতেই গল্পের বিষয়বস্তু এবং কলাকুশলীদের নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত ধারাবাহিকটির সম্প্রচারের সময়সূচি ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।

প্রকাশিত প্রোমো অনুযায়ী, ‘তুমি এলে তাই’-এর গল্প আবর্তিত হবে ভাগ্যলক্ষ্মী নামের এক মেয়েকে কেন্দ্র করে। লক্ষ্মী এমনই এক মেয়ে, যাকে দেখলেই নাকি মানুষের ভাগ্য বদলে যায়। তার ছোঁয়াতেই আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যায়। অন্যের জীবনে সৌভাগ্য নিয়ে এলেও নিজের জীবনে কিন্তু সুখের ছোঁয়া নেই ভাগ্যলক্ষ্মীর।

ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছে সে। এরপর মামার বাড়িতেই বড় হয়ে ওঠা। শৈশব থেকেই অন্যের কথা শুনে চলতে হয়েছে তাকে। নিজের মনের কষ্ট কাউকে বুঝতে না দিয়ে নীরবে জীবনের প্রতিটি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে যায় সে। তবুও স্বপ্ন দেখতে ভোলে না ভাগ্যলক্ষ্মী। তার বিশ্বাস, একদিন কোনও রাজপুত্র এসে তাকে এই দুঃখের জীবন থেকে অনেক দূরে নিয়ে যাবে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে।

কিন্তু ভাগ্যলক্ষ্মীর কল্পনার সেই রাজপুত্রের জীবনেও কি তার জন্য জায়গা রয়েছে? নাকি সেই রাজপুত্রের জীবনে আগে থেকেই অন্য কোনও রাজকন্যা রয়েছে? ভাগ্যলক্ষ্মীর স্বপ্ন কি শেষ পর্যন্ত বাস্তবের মুখ দেখবে, নাকি ভাগ্যের খেলায় আবারও হার মানতে হবে তাকে? এই প্রশ্নগুলির উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী সপ্তাশ্রী নন্দ। এর আগে ‘ঘূর্ণি’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এবার ভাগ্যলক্ষ্মীর চরিত্রে তাঁকে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে, ধারাবাহিকে অভিনয় করছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়। তাঁকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার ‘রাঙামতি’ ধারাবাহিকে।

তবে নতুন ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হতে চলেছেন অভিনেত্রী শ্রীতমা মিত্র। এখানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি’-তে অভিনয় করেছিলেন শ্রীতমা। তবে ‘তুমি এলে তাই’-এ তাঁর চরিত্রটি ইতিবাচক, নাকি নেতিবাচক, তা এখনও স্পষ্ট নয়। ফলে তাঁর চরিত্রের রহস্য নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সুরিন্দার ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘তুমি এলে তাই’। তবে কবে থেকে জি বাংলার পর্দায় ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শোনা যাচ্ছে, চ্যানেলের চলতি ধারাবাহিক ‘কুসুম’-এর পরিবর্তে জায়গা নিতে পারে নতুন এই মেগা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি।

সব মিলিয়ে, ভাগ্যলক্ষ্মীর জীবনের ওঠাপড়া, রাজপুত্রকে ঘিরে তার স্বপ্ন এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন কী গল্প উপহার দেয় ‘তুমি এলে তাই’, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Leave a Reply