এবার স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘আদরের নৌকা’। এই মেগার প্রচারেই জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র মঞ্চে হাজির হয়েছিলেন ধারাবাহিকের নায়ক-নায়িকা শিরিন পাল এবং অর্কপ্রভ। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর সামনে দাঁড়িয়ে ঘরের প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময়ই উঠে আসে এক বিশেষ নস্টালজিয়া। ঘরের ভেতরে থাকা প্রতিযোগী জীতু কমল-কে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিরিন এবং প্রকাশ্যেই জানান যে, জীতুই ছিলেন তাঁর টেলিভিশন কেরিয়ারের প্রথম নায়ক!
সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় যখন শিরিন ও অর্কপ্রভকে প্রশ্ন করেন যে, বিগ বসের ঘরের সদস্যদের মধ্যে কারোর সঙ্গে তাঁদের আগে থেকে পরিচয় আছে কি না— তখনই হাত তুলে জীতু কমলকে ‘হ্যালো জীতু দা’ বলে সম্বোধন করেন শিরিন।
জীতুর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শিরিন বলেন, ‘আমার প্রথম কাজ টেলিভিশনে জীতু দার সঙ্গে। হি ওয়াজ মাই ফার্স্ট হিরো (ও ছিল আমার প্রথম হিরো)। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, হি ওয়াজ আ লাভলি সিনিয়র টু মি (খুবই চমৎকার অভিজ্ঞতা ছিল, সিনিয়র হিসেবে ও ভীষণই ভালো ছিল)।’
শিরিনের প্রশংসা শুনে জীতুকে কী বিশেষ বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
শিরিনের মুখে জীতুর এই প্রশংসা শুনে দারুণ খুশি হন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। জীতুকে অভিনন্দন জানিয়ে দাদা বলেন, ‘লাভলি সিনিয়র, অ্যান্ড ওয়েল ডান জীতু। নাইস। দ্য অ্যাকোলেডস স্টিল কিপ কামিং (প্রশংসা এখনও আসতেই থাকছে)।’
এরপরই জীতুর উদ্দেশে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বার্তা দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জীতুকে উদ্দেশ্য করে দাদা বলেন, ‘তাই জীবন অন্ধকার নয়, জীবন আলোয় ভরা।’ জীতু অস্বস্তিতে পড়ে বলেন, ‘ওদের সামনে নাই বা বললে’।

আসলে শিরিন-অর্কপ্রভ আসার খানিক আগেই জীতু নিজের জীবনের অন্ধকারময় দিক, একাকীত্ব নিয়ে কিছু কথা ভাগ করে নেন দাদার সঙ্গে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য সৌরভের। এখানেই শেষ নয়, শিরিন মঞ্চে দাঁড়িয়ে জীতুকে জানান, তাঁকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা অগুণতি। তাঁরা বাস্তবেই জীতুর সাথে থাকতে চায়। দাদা এই কথা শুনে অন্য গন্ধ খুঁজলেও শিরিন সাফ করেন, তিনি জীতুর বর্ধিত পরিবার অর্থাৎ তাঁর ফ্যানেদের কথা বলছিলেন।
উল্লেখ্য, জীতু কমল ও শিরিন পাল জুটির জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল। সেই পুরনো সহকর্মীকে বিগ বসের ঘরে দেখে বেশ খুশি হন শিরিন। দিতিপ্রিয়া রায় জীতুর সঙ্গে অভিনয় করবেন না বলে মেগা থেকে সরে দাঁড়ানোর পর নতুন অপর্ণা হিসাবে সুযোগ পেয়েছিলেন ঝারগ্রামের মেয়ে শিরিন। সেটাই ছিল তাঁর টেলিভিশন ডেবিউ।