ট্রাম্পের গাজা প্রস্তাব মুসলিম দেশগুলোর খসড়া থেকে ভিন্ন

Spread the love

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব দিয়েছেন, সেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে আলোচনা করা খসড়া প্রস্তাব থেকে ভিন্ন বলে দাবি করেছে পাকিস্তান।শুক্রবার (৩ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পার্লামেন্টে বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধের পরিকল্পনার অংশ হিসেবে যে ২০ দফা ঘোষণা করেছেন, তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করা খসড়ার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি বলেন, ‘আগের খসড়া পরিকল্পনায় ঘষামাজা করে পরিবর্তন আনা হয়েছে। আমি স্পষ্ট করে বলছি, ট্রাম্প যে ২০ দফা ঘোষণা করেছেন, এগুলো আমাদের সঙ্গে আলোচনা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা করা খসড়ায় পরিবর্তন করা হয়েছে।’

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। 

পরিকল্পনা অনুযায়ী হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যার নাম হবে ‘দ্য বোর্ড অব পিস’ বা শান্তি প্রশাসন।

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের আট  দেশের নেতার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *