সংসদে সংখ্যার সমীকরণ যা-ই হোক, কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের বিরোধিতা থেকে একচুলও সরবে না কংগ্রেস। প্রয়োজনে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন চালানোরও হুঁশিয়ারি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাস নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল হাত শিবির। কংগ্রেসের বার্তা, মহিলা সংরক্ষণের নামে লোকসভার আসনসংখ্যা বৃদ্ধি এবং দেশের নির্বাচনী মানচিত্র বদলের যে উদ্যোগ কেন্দ্র নিয়েছে, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের সংসদীয় কৌশল নির্ধারণ কমিটির বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ লোকসভা ও রাজ্যসভার একাধিক সাংসদ। আসন্ন বিশেষ অধিবেশনে দলের রণকৌশল কী হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে রাহুল স্পষ্ট জানিয়ে দেন, ডিলিমিটেশন বিলের বিরোধিতার প্রশ্নে কোনও আপস করা হবে না। সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকুক বা না থাকুক, এই প্রস্তাবের বিরুদ্ধে সরব থাকবে কংগ্রেস। তাঁর অভিযোগ, দেশের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন এনে রাজনৈতিক ফায়দা তুলতেই এই উদ্যোগ নিয়েছে বিজেপি।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের তিনটি প্রধান দাবি তুলে ধরেন লোকসভায় দলের উপনেতা গৌরব গগৈ। প্রথমত, লোকসভার বর্তমান ৫৪৩টি নির্বাচিত আসন অপরিবর্তিত রাখতে হবে। দ্বিতীয়ত, এই আসনসংখ্যার মধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে হবে। তৃতীয়ত, আগামী ২৫ বছর বিভিন্ন রাজ্যের মধ্যে লোকসভার আসন বণ্টনের অনুপাত বজায় রাখতে হবে। অর্থাৎ, মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য সংসদের মোট আসন বাড়ানোর কোনও প্রয়োজন নেই বলেই মনে করছে কংগ্রেস।

কেন্দ্রের প্রস্তাব ঘিরে বিরোধীদের আপত্তির অন্যতম কারণ লোকসভার আসনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে সংসদের নিম্নকক্ষে ৫৪৩টি নির্বাচিত আসন রয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি রাজ্যে প্রায় ৫০ শতাংশ আসন বাড়ানোর প্রস্তাব রয়েছে। সেই হিসাব কার্যকর হলে লোকসভার মোট আসনসংখ্যা বেড়ে সর্বোচ্চ ৮৫০ হতে পারে। একইসঙ্গে নতুন করে নির্বাচনী কেন্দ্রের সীমানাও নির্ধারণ করা হবে। কংগ্রেসের আশঙ্কা, এর ফলে দেশের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে যেতে পারে।
বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী শিবির। তাদের যুক্তি, যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, নতুন আসন বণ্টনের ক্ষেত্রে তারা তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, বেশি জনসংখ্যার রাজ্যগুলির প্রতিনিধিত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সংসদে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক প্রভাবের ভারসাম্যও বদলে যেতে পারে বলে আশঙ্কা বিরোধীদের।
এই ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় রয়েছে এবং সংস্থাটিকে কার্যত কেন্দ্রীয় সরকারের প্রভাবাধীন করে তোলা হয়েছে। ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের নির্বাচনী কেন্দ্র ও ভোটদানের ক্ষেত্রেও প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যে কমিশনের নিরপেক্ষতা নিয়ে কংগ্রেস ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, তাদের হাতে দেশের নির্বাচনী মানচিত্র পুনর্গঠনের দায়িত্ব দেওয়া কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্নও তুলেছে হাত শিবির।
মহিলা সংরক্ষণ আইন নিয়েও কেন্দ্রকে পালটা প্রশ্ন করেছে কংগ্রেস। ২০২৩ সালেই সংসদে মহিলা সংরক্ষণ সংক্রান্ত আইন পাশ হয়েছে। তাহলে নতুন করে ডিলিমিটেশন প্রক্রিয়ার অপেক্ষা কেন? বর্তমান ৫৪৩টি আসনের মধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা সম্ভব বলে দাবি বিরোধীদের। তাদের বক্তব্য, মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন বৃদ্ধি—এই দুটি বিষয়কে একসঙ্গে জুড়ে দেওয়ার কোনও যৌক্তিকতা নেই। বরং এই সংযোগের আড়ালে অন্য রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসেও ডিলিমিটেশন সংক্রান্ত বিল সংসদে পাশ করানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেই প্রচেষ্টা সফল হয়নি। এবার ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনে ফের এই বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। ফলে অধিবেশন শুরুর আগেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।
সব মিলিয়ে, ডিলিমিটেশনকে কেন্দ্র করে ফের মুখোমুখি হতে চলেছে শাসক ও বিরোধী শিবির। কেন্দ্রের দাবি ও পরিকল্পনার বিরোধিতা করে কংগ্রেস যে কোনও পরিস্থিতিতে লড়াই চালানোর বার্তা দিয়েছে। অন্যদিকে, বিল কার্যকর করতে মরিয়া বিজেপি। সংসদের বিশেষ অধিবেশনে এই সংঘাত কোন দিকে মোড় নেয়, শেষ পর্যন্ত ডিলিমিটেশন নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।