দোকানে ধাক্কা মারল গাড়ি! প্রাণ গেল তিনজনের

Spread the love

দশমীর সন্ধ্যায় পুজোর আনন্দের আবহেই নেমে এল শোকের ছায়া। ভিড়ভাট্টা, প্রতিমা নিরঞ্জন আর ঠাকুর দেখার ব্যস্ততার মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ধূপগুড়ি-ময়নাগুড়ি রোডে। এশিয়ান হাইওয়ে ৪ এর ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। আহত হয়েছেন আরও সাতজনের বেশি। এই ঘটনা জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রত্যক্ষদর্শীদের কথায়, তখন রাস্তার ধারে ভিড় জমে ছিল ঠাকুর দেখার জন্য। হঠাৎ করেই একটি বিলাসবহুল গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি দোকানে। দোকানের সামনে ঠাকুর দেখতে দাঁড়িয়ে থাকা বহু মানুষ ছিটকে পড়েন। কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। আহতদের দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয় চারদিকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাথমিকভাবে অনুমান, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই বিপত্তি ঘটেছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। আনন্দের দশমী যে এমন রক্তাক্ত দৃশ্যের সাক্ষী হবে, তা কল্পনাও করেননি কেউ। দুর্ঘটনার পর শোক ও আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে ধূপগুড়ি ও আশপাশের এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *