নতুন শান্তি প্রস্তাব প্রস্তুত করছে ইউক্রেন

Spread the love

রাশিয়ার নিকট দেশের পূর্বাঞ্চল ছেড়ে দেয়া এড়াতে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে হোয়াইট হাউসে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের ভূমির এক ইঞ্চিও ছেড়ে দেবেন না বলে জানানোর পর কিয়েভ নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে। 

রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিতে সোমবার )৮ ডিসেম্বর) লন্ডনে ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের নতুন শান্তি–প্রস্তাব নিয়ে বিতর্ক এবং ট্রাম্প প্রশাসনের ইউরোপ বিষয়ক কঠোর নীতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস অংশ নেন। বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ ঐক্য জরুরি। তার ভাষায়, ‘কিছু সিদ্ধান্ত আছে যা আমেরিকা ছাড়া সম্ভব নয়, আবার কিছু ইউরোপ ছাড়া নয়।’

জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন শান্তি–পরিকল্পনা প্রায় চূড়ান্ত। আগের ২৮ দফার মার্কিন প্রস্তাবে ‘ইউক্রেনবিরোধী’ যেসব শর্ত ছিল, সেগুলো বাদ দিয়ে এখন ২০ দফার পরিকল্পনা তৈরি করা হয়েছে। পরিকল্পনাটি আজ মঙ্গলবারই (৯ ডিসেম্বর) ট্রাম্প প্রশাসনের কাছে পাঠানো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাসের (দোনেৎস্ক ও লুহানস্ক) ভবিষ্যত নিয়ে যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানান জেলেনস্কি। তিনি পশ্চিমা দেশগুলোর কাছে আলাদা নিরাপত্তা নিশ্চয়তার চুক্তি চান—যদি রাশিয়া আবার যুদ্ধ শুরু করে তবে তাদের অবস্থান কী হবে, সেটি স্পষ্ট করতে হবে বলেও উল্লেখ করেন।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের নতুন ‘আমেরিকা ফার্স্ট’ নিরাপত্তা কৌশল ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে। নথিতে রাশিয়াকে হুমকি হিসেবে না দেখিয়ে বলা হয়েছে—ইউরোপীয় দেশগুলো মস্কোকে ‘অস্তিত্বগত হুমকি’ মনে করে, আর যুক্তরাষ্ট্র নাকি ইউরোপ–রাশিয়ার স্থিতি পুনর্গঠনে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবে। মস্কো এ কৌশলকে স্বাগত জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *