নদীতে তলিয়ে গেলেন বিএসএফ জওয়ান! গরুপাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ

Spread the love

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের চাঞ্চল্যকর ঘটনা। গরুপাচারকারীদের আটক করতে গিয়ে অসমের বরাক নদীতে নিখোঁজ হয়ে গেলেন এক বিএসএফ জওয়ান। সোমবার ভোরে কাছাড় জেলার কাটিগড়া এলাকায় ঘটে এই ঘটনা। নিখোঁজ জওয়ানের নাম কনস্টেবল কে বেণু। তাঁর সঙ্গে নদীতে ঝাঁপ দিয়েছিলেন আরও এক বিএসএফ কর্মী। তবে কোনওরকমে প্রাণে বেঁচে নদীর পাড়ে ফিরে আসতে সক্ষম হন তিনি। ঘটনার পর থেকেই নিখোঁজ জওয়ানের সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকাজে নেমেছে SDRF, NDRF এবং নদী পুলিশ।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কাছাড় জেলার হরিনগর বর্ডার আউটপোস্টে (BOP) কর্মরত ছিলেন কনস্টেবল কে বেণু। ওই এলাকায় তাঁর সঙ্গে টহলদারির দায়িত্বে ছিলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব। রবিবার রাতে সীমান্ত দিয়ে কয়েকজন সন্দেহভাজন গরু পাচারের চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর পায় বিএসএফ। সেই তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং দুই জওয়ানকে সন্দেহভাজনদের গতিবিধির উপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়।

সোমবার ভোরে টহল দেওয়ার সময় কয়েকজন সন্দেহভাজনকে দেখতে পান ওই দুই জওয়ান। তাঁদের থামতে বলতেই অভিযুক্তরা বরাক নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। এরপর তাঁদের আটকাতে পিছু ধাওয়া করেন জিতেন্দ্র যাদব ও কে বেণু। দু’জনেই নদীতে ঝাঁপ দেন। কিন্তু প্রবল স্রোতের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোনওমতে সাঁতরে নদীর পাড়ে ফিরতে পারলেও কে বেণুকে আর খুঁজে পাননি জিতেন্দ্র। স্রোতের টানে ভেসে যান ওই বিএসএফ কনস্টেবল।

ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন, সোমবার ভোরে বিএসএফের কোম্পানি কমান্ডারের কাছ থেকে তাঁরা বিষয়টি জানতে পারেন। খবর পাওয়ার পরই নিখোঁজ জওয়ানের সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। SDRF ও NDRF-এর পাশাপাশি নদী পুলিশ এবং বিএসএফের কর্মীরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তবে এখনও পর্যন্ত কে বেণুর কোনও সন্ধান পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাংলাদেশের দিক থেকে আসা সন্দেহভাজন ব্যক্তিরা ওই বিএসএফ জওয়ানকে অপহরণ করে নিয়ে গিয়ে থাকতে পারে। তাঁদের আশঙ্কা, পাচারকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় জওয়ানকে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। যদিও এই দাবির পক্ষে এখনও কোনও সরকারি প্রমাণ পাওয়া যায়নি। বিএসএফের তরফেও অপহরণের সম্ভাবনা নিয়ে কোনও নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি। ফলে কে বেণু নদীর স্রোতে তলিয়ে গিয়েছেন, নাকি অন্য কোনওভাবে সীমান্তের ওপারে চলে গিয়েছেন, তা নিয়ে রহস্য কাটেনি।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে নিখোঁজ বা অপহরণের অভিযোগ ঘিরে উত্তেজনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারি মাসে কাছাড় জেলার সীমান্তবর্তী জিরো পয়েন্ট থেকে ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে অপহরণের অভিযোগ উঠেছিল। ৬৫ বছর বয়সি ওই কৃষককে প্রায় ১২ ঘণ্টা পর দুই দেশের প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, গত ১৭ নভেম্বর মেঘালয় সীমান্তে অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন এক বিএসএফ জওয়ান। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর তাঁকে এবং তাঁর সার্ভিস রাইফেল ফিরিয়ে দেওয়া হয়।

বরাক নদীতে বিএসএফ কনস্টেবল কে বেণুর নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই সীমান্ত এলাকায় উদ্বেগ বেড়েছে। আপাতত উদ্ধারকারী দল নদীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি গোটা ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও শুরু হয়েছে। নিখোঁজ জওয়ানের সন্ধান মেলে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁর সহকর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply