২২ ডিসেম্বর ধুমধাম করে পালন করা হল পরমব্রত চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান নিষাদের অন্নপ্রাশন। তারকা দম্পতির টালিগঞ্জ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় বড় মহারথীরা। আদরে ভালোবাসায় সকলে, ভরিয়ে দিয়েছিলেন ছোট্ট খুদেকে।
পরমব্রতর ডাকে সাড়া দিয়ে এই দিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক ব্যক্তিরাও। প্রচন্ড ব্যস্ততার মধ্যেও নিষাদকে আশীর্বাদ করতে পৌঁছে গিয়েছিলেন সঠিক সময়ে। উপহার হিসাবে খুদের হাতে তুলে দিয়েছেন বিশ্ব বাংলার একটি বিশেষ উপহার।
এই বিশেষ দিনে বাবা-মা এবং খুদেকে দেখতে পাওয়া গেল গোলাপি রঙে সেজে থাকতে। অনুষ্ঠানে এসেছিলেন মুনমুন সেন, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, কোয়েল মল্লিক, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, জয়া আহসান, রাইমা সেন সহ একাধিক তারকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত মেহতা, রানা সরকারের মতো প্রযোজকরা।
উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ, পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস সহ হেভি ওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। এক কথায় বলা চলে এক ছাদের তলায় দেখা গেল শিল্পজগত এবং রাজনৈতিক জগতের বহু তারকাকে। বিয়েতে তেমনভাবে অনুষ্ঠান না করলেও ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান একেবারে জাকজমকভাবে করলেন পরমব্রত।অনুষ্ঠানের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পোলাও, দই মাছ, মটন, ফুলকপির রোস্ট, নকুরের মিষ্টি, সন্দেশ, চমচম।

প্রসঙ্গত, কিছুদিন আগেই পিয়া তাঁর ছেলেকে নিয়ে ২০২৬-এ কী কী প্ল্যান রয়েছে তা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তিনি জানিয়েছিলেন, ‘২০২৬-এর জন্য প্ল্যান: একটা ছোট্ট মানুষকে শেখাবো কীভাবে খেতে হয়, বসতে হয়, হামা দিতে হয়, জল খেতে হয়, কীভাবে প্রথম পা ফেলে হাঁটতে হয় আর সঙ্গে ওর প্রথম কথা বলা।’ আর এবার নতুন বছরের আগেই ছেলের অন্নপ্রাশন করলেন তাঁরা।উল্লেখ্য, আসলে আর পাঁচটা শিশুর মতো নিষাদও বেড়ে উঠছে। তাকেও এক এক করে সব শেখাতে হবে। পরিকল্পনাতে না থাকলেও স্বাভাবিক নিয়মে সে শিখবে, আর তাকে শেখানোর প্রয়োজনও পড়বে। তাই সে রকম বড় কিছু না হলেও জীবনের ভিত গড়ার খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের সঙ্গে মা পিয়া ছেলেকে পরিচয় করাবেন। আর সে কথাতেই খানিক ভার চাপিয়ে তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।