পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা

Spread the love

পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা! আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার আবহে পাকিস্তানে একের পর এক সামরিক মালবাহী বিমানের অবতরণ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের করাচিতে পৌঁছেছে রাশিয়া, চিন এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে যুক্ত সামরিক পরিবহণ বিমান। এই বিমানগুলির মাধ্যমে কী ধরনের সামরিক সরঞ্জাম আনা হচ্ছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য নেই। তবে এই বিমান চলাচলের সঙ্গে ইরান-আমেরিকা সংঘাতের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

বিশেষ করে পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। ভারতের অপারেশন সিঁদুরের সময়ও এই বিমানঘাঁটি নিয়ে আলোচনা হয়েছিল। এ বার জল্পনা, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে এই ঘাঁটি ব্যবহার করতে পারে আমেরিকা। যদিও আমেরিকা বা পাকিস্তান, কোনও পক্ষই এমন পরিকল্পনার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।

নূর খান ঘাঁটি থেকেই কি ইরানে হামলা?

সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিকে ঘিরে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিনের গোয়েন্দা সংস্থা রাশিয়াকে সতর্ক করেছে যে আমেরিকা পাকিস্তানের এই ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারে। বেজিংয়ের তরফে মস্কোকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই খবর সামনে আসার পর পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে পাকিস্তান কি সামরিক রসদ সরবরাহের কেন্দ্র হয়ে উঠবে? নাকি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহার করা হবে সে দেশের বিমানঘাঁটিগুলিকে? আপাতত এই প্রশ্নগুলির কোনও নিশ্চিত উত্তর নেই।

করাচিতে একের পর এক সামরিক বিমান

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে অবতরণ করা বিমানগুলির মধ্যে রয়েছে রাশিয়ার আইএল-৭৬এমডি এবং এএন-১২৪ মালবাহী বিমান। এ ছাড়া সংযুক্ত আরব আমিরশাহির একটি আইএল-৭৬ বিমানও করাচিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। এই বিমানগুলি সাধারণত বড় আকারের সামরিক সরঞ্জাম, অস্ত্র এবং অন্যান্য রসদ পরিবহণের কাজে ব্যবহৃত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা বাড়ার সময় রাশিয়ার একটি সামরিক মালবাহী বিমান কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে করাচির উদ্দেশে রওনা হয়েছিল। অন্য দিকে, বাংলাদেশের চট্টগ্রাম থেকে একটি বিশাল এএন-১২৪ পরিবহণ বিমান করাচিতে পৌঁছেছে বলে দাবি। অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত বিমানের এই আনাগোনা স্বাভাবিক বিমান চলাচলের তুলনায় আলাদা গুরুত্ব পাচ্ছে।

তবে বিমানের ভিতরে কী ধরনের সামরিক সরঞ্জাম ছিল, তার কোনও নির্ভরযোগ্য তালিকা প্রকাশ্যে আসেনি। এমনকি এই বিমানগুলির উদ্দেশ্য সম্পর্কেও সংশ্লিষ্ট দেশগুলির তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে সামরিক কার্গো পরিবহণের দাবিগুলি এখনও স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply