পুতিনকে পাশে নিয়ে ট্রাম্পকে Rule Shaper বার্তা মোদীর?

Spread the love

Modi Rule Shaper Speech at Brics 2026: ব্রিকসের মঞ্চ থেকে ঘুরিয়ে আমেরিকা ও পশ্চিমী দুনিয়ার ‘দাদাগিরি’ নিয়ে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানদের সামনেই মোদী বলেন, ‘গ্লোবাল সাউথ যাতে নিয়ম-অনুসরণকারী (Rule Taker) থেকে নিয়ম-নির্ধারক (Rule Shaper) হয়ে উঠতে পারে, সেই চেষ্টা করতে হবে আমাদের।’ সেইসঙ্গে তিনি জানান, বর্তমানে বিশ্বের কোনও সংকটের ক্ষেত্রে সামনের সারিতে থাকে ‘গ্লোবাল সাউথ’। কিন্তু নিয়ম নির্ধারণের ক্ষেত্রেই সেই ‘গ্লোবাল সাউথ’-ই পিছনের সারিতে পড়ে যায় বলে আক্ষেপ প্রকাশ করেন মোদী।

BRICS কারও বিরুদ্ধে কাজ করছে না, বার্তা মোদীর

আর মোদী যে ব্রিকসের মঞ্চ থেকে সেই বার্তা দিয়েছেন, সেই গোষ্ঠীকে কার্যত সহ্য করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার ব্রিকস নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন। সেই আবহে দিল্লি থেকে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়াকে স্পষ্ট বার্তা পাঠিয়ে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে বিশ্বে একটি আলাদা পরিচিতি গড়ে তুলেছে ব্রিকস। অন্য কারও বিরুদ্ধে সেই গোষ্ঠী কাজ করছে না বলে মোদী সাফ জানিয়েছেন।

 

‘সংকটের সামনে আমরা, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছনে’

তাঁর কথায়, ‘আজ বৈশ্বিক সংকটের সম্মুখসারিতে গ্লোবাল সাউথের (দেশগুলি) থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছনের সারিতে পড়ে থাকে। আমাদের অবশ্যই বিশেষ সুবিধা পাওয়ার পিরামিডকে অংশীদারিত্বের মঞ্চে রূপান্তরিত করতে হবে। সেটা এমন একটি মঞ্চ, যেখানে প্রতিটি দেশের কথা বলার সুযোগ থাকবে, প্রতিটি সদস্যের স্বার্থ থাকবে এবং যে কোনও চেষ্টার কেন্দ্রবিন্দুতে থাকবে মানবতার উন্নয়ন।’

সেই রেশ ধরে মোদী প্রস্তাব দেন যে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারের জন্য যৌথভাবে ১০টি সুপারিশ তৈরি করুক ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। পরবর্তী ব্রিকস সম্মেলনের মধ্যেই সেই সংক্রান্ত রোডম্যাপ তৈরি করে ফেলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। যে ব্রিকসে বর্তমানে ১১টি পূর্ণ সদস্যের দেশ আছে – ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের বার্তা মোদীর

তারইমধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেরও সংস্কারের দাবি তুলেছেন মোদী। তাঁর মতে, বর্তমানে দুনিয়া যে জায়গায় আছে, তাতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আর টালবাহানা করা উচিত হয়। তাঁর কথায়, ‘বৈশ্বিক শাসনব্যবস্থার বর্তমান যে কাঠামো আছে, সেটা অনেকটা পিরামিডের মতো। ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি পিরামিডের শীর্ষভাগে কেন্দ্রীভূত। অন্যদিকে, নীচের স্তরগুলিতে রয়েছে এমন সব দেশ, যারা এসব সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হলেও তা নির্ধারণের ক্ষেত্রে কোনও ভূমিকা রাখতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *