Rahul Gandhi on RSS: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র আক্রমণকে ঘিরে দেশজুড়ে শুরু হলো প্রবল রাজনৈতিক তরজা। আরএসএস-কে বেনজির আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী দাবি করেন, আরএসএস হলো এমন এক পুরুষতান্ত্রিক গোষ্ঠী, যারা নারীদের পুরুষের অধীনস্ত বলে মনে করে।
মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী লেখেন, ‘আরএসএস একটি পুরুষতান্ত্রিক, সংবিধানবিরোধী গোষ্ঠী, যারা বিশ্বাস করে নারীরা পুরুষের সম্পত্তি।’ আরএসএস-এর বিরুদ্ধে লড়াই উপভোগ করেন, সে কথাও উল্লেখ করেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, আরএসএস-এর সঙ্গে যুক্ত অনেক মহিলারাও এখন তাঁর পাশে রয়েছেন। রাহুল গান্ধী লেখেন, ‘আমি শিব-শক্তিতে বিশ্বাস করি। এ কারণেই তাদের বিরুদ্ধে লড়তে আমার এত আনন্দ হয়। সুন্দর ব্যাপার হলো, তাদের ‘নিজস্ব’ অনেক নারীই আমার পক্ষে আছেন।’
রাহুল গান্ধীর এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম রাহুল গান্ধীকে অজ্ঞ বলে কটাক্ষ করে মনে করিয়ে দেন যে আরএসএস-এর সক্রিয় মহিলা শাখাও রয়েছে। রাম কদম বলেন, ‘রাহুল গান্ধী প্রায়শই আরএসএস সম্পর্কে এহেন মন্তব্য করেন। রাজনৈতিক তর্ক, পাল্টা অভিযোগ বা তীব্র সমালোচনা করার অধিকার তাঁর অবশ্যই রয়েছে, কিন্তু তা করার আগে বিষয়টি নিয়ে ওনার পড়াশোনা করা উচিত। উনি কী জানেন না যে আরএসএস-এর একটি পূর্ণাঙ্গ নারী শাখাও রয়েছে? সেটি সমগ্র দেশজুড়ে কাজ করে এবং সেখানে পুরুষদের মতোই সমান গুরুত্ব ও মর্যাদার সঙ্গে মহিলারা কাজ করেন।’ তিনি আরও বলেন, এমন ‘ছেলেমানুষি’ মন্তব্য একজন লোকসভার বিরোধী দলনেতাকে মানায় না। তেলাঙ্গানা বিজেপির রাজ্য সভাপতি এন. রামচন্দর রাও পাল্টা প্রশ্ন তুলে বলেন, কংগ্রেসের নিজেদের দলের ভিতরেই বা কতজন মহিলাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে?
