প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

Spread the love

আরব সাগরে সৃষ্টি হয়ে ক্রমে প্রবল আকার ধারণ করছে বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’। এর প্রভাবে ভারতের মহারাষ্ট্র উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বাই, রত্নাগিরি, রায়গড়, থানে, সিন্ধুদুর্গ ও পালঘর জেলায়ও ৭ অক্টোবর পর্যন্ত হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে।আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে এবং শনিবার থেকে এর গতি আরও বেড়েছে। আইএমডি বলছে, ৬ অক্টোবর সকাল থেকে ‘শক্তি’ ধীরে ধীরে দুর্বল হবে। তার আগে এটি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছাবে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ৫ অক্টোবর পর্যন্ত উত্তর মহারাষ্ট্র উপকূলে ঘণ্টায় ৪৫–৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, দমকা হাওয়া পৌঁছাতে পারে ৬৫ কিমি পর্যন্ত। ঘূর্ণিঝড়ের তীব্রতার ওপর নির্ভর করে এই গতিবেগ আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের একাধিক জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা আছে।

আইএমডি ও বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, গুজরাট ও মহারাষ্ট্র উপকূল রোববার পর্যন্ত উত্তাল থাকবে। জেলেদের মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্য আরব সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 

‘শক্তি’ নাম কে দিয়েছে? 

ঘূর্ণিঝড় ‘শক্তি’র নামকরণ করেছে শ্রীলঙ্কা। বিশ্ব আবহাওয়া সংস্থা ও জাতিসংঘের অধীনস্থ এশীয় দেশগুলোর প্যানেল (ESCAP Panel) যৌথভাবে এই নাম নির্ধারণ করে। এই প্যানেলে মোট ১৩টি দেশ রয়েছে। 

দেশগুলো হলো– ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড, ইরান, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত। আগে ঘূর্ণিঝড়ের নাম মনে রাখা কঠিন ছিল, তাই সহজে শনাক্ত করার জন্য নামকরণের এই প্রথা চালু হয়।

উত্তর ভারতের আবহাওয়াতেও প্রভাব

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দিল্লি, বিহার, হিমাচল প্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর বিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের শঙ্কা তৈরি হয়েছে। দিল্লিতে ৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারের জন্য জারি করা হয়েছে ‘ইয়েলো অ্যালার্ট’।

পরবর্তী গন্তব্য কোথায়?

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি আগামী ৫ অক্টোবর সন্ধ্যার মধ্যে উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছাবে। এরপর ৬ অক্টোবর থেকে পূর্বমুখে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *