শনিবার সকালেই এমন একটি খবর শুনতে পাওয়া গেল যা শুনে শোকস্তব্ধ গোটা বলিউড। প্রয়াত পরিচালক সঞ্জয় গুপ্তা। সঞ্জয় ‘কাঁটে’,’ শুটআউট অ্যাট ওয়ার্ডলা’, ‘কাবিল’ সহ বহু উল্লেখযোগ্য ছবির পরিচালক। মাত্র ৫৯ বছর বয়সে পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।
সঞ্জয়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিশ্চিত করেন অন্যতম চলচ্চিত্র নির্মাতা এবং FWICE প্রধান উপদেষ্টা অশোক পন্ডিত। অশোক জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নিজের বাথরুমে পড়েছিলেন পরিচালক। খুব সম্ভবত শৌচালয়ে গিয়ে সেখানেই পড়ে যান তিনি, সারা রাত নিথর দেহ পড়ে থাকে বাথরুমেই।
ইনস্টাগ্রাম পোস্টে অশোক পন্ডিত লেখেন, ‘এটা সত্যিই মর্মান্তিক ও দুঃখজনক। এইমাত্র খবর পেলাম যে আমাদের প্রিয় বন্ধু ও প্রখ্যাত পরিচালক সঞ্জয় আর নেই। বাড়িতে মাথায় আঘাত পেয়ে তিনি মারা গেছেন। আরও একজন প্রতিভাবান মানুষ খুব তাড়াতাড়ি চলে গেলেন। তিনি ছিলেন একজন চমৎকার গল্পকথক, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং একজন আবেগপ্রবণ চলচ্চিত্র নির্মাতা। আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি বিরাট ক্ষতি। তোমাকে খুব মনে পড়বে বন্ধু। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা। ওম শান্তি। তাঁর শেষকৃত্যের বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।’
অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্জয়ের। মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। শুক্রবার রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকালে পরিচালকের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক বছর আগে পুনে থেকে মুম্বাই ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছিলেন পরিচালক, সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর ফিরলেন না তিনি। সকলকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেলেন সঞ্জয়।

সঞ্জয় গুপ্তার জীবন ও চলচ্চিত্র কর্মজীবন
১৯৬৭ সালে মুম্বইতে জন্মগ্রহণ করেন সঞ্জয় গুপ্তা। ১৯৯৪ সালে মাত্র ২৬ বছর বয়সে ‘আতিশ: দ্য ফায়ার’ ছবির মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তী কয়েক বছরে তিনি ‘গ্যাংস্টার’ চলচ্চিত্র নির্মাণে দক্ষতা অর্জন করেন।
এরপর তিনি ‘কাঁটে’ এবং ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-র মতো সমালোচকদের দ্বারা প্রশংসিত ও সফল চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর অন্যতম আলোচিত চলচ্চিত্র ছিল হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’। সঞ্জয় গুপ্তের পরিচালিত শেষ চলচ্চিত্র ছিল ২০২৪ সালের স্পোর্টস ড্রামা ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’, যেখানে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে এবং মিজান জাফরি। এটি জিও সিনেমাতে মুক্তি পায়।