বৃহস্পতিবারের মর্মান্তিক দুর্ঘটনার পর এবার প্রয়াত টেকনিশিয়ান চন্দ্রকান্ত সোয়াইনের পরিবারের পাশে দাঁড়াল ‘খেলো বাংলা খেলো’র প্রযোজনা সংস্থা। আগেই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন রিয়্যালিটি শোয়ের প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি মতো শুক্রবার চন্দ্রকান্তের পরিবারের হাতে মোট ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। দুটি পৃথক চেকের মাধ্যমে সাড়ে ১২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়াত কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বন্ধ রাখা হয়েছে সেট তৈরির কাজও।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা? কলকাতার জোকারের নারায়ণী স্টুডিয়োয় ‘খেলো বাংলা খেলো’-র সেট তৈরির কাজ চলছিল। সেই সময় প্রায় ২০ ফুট উঁচু মইয়ে উঠে ফ্লেক্স লাগাচ্ছিলেন আর্ট বিভাগের কর্মী চন্দ্রকান্ত। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারসাম্য হারিয়ে উপর থেকে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
চন্দ্রকান্ত অবিবাহিত ছিলেন। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা-বাবা এবং দাদা সূর্যকান্ত সোয়াইন। দুর্ঘটনার খবর পেয়েই তাঁদের সঙ্গে যোগাযোগ করেন শুভঙ্কর। শুধু আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়াই নয়, পরিবারের সদস্যদের ওড়িশা থেকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থাও করেন তিনি। শুক্রবার ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থাও করা হয়েছে।

এই ঘটনায় বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষের ভূমিকাও উঠে এসেছে। চন্দ্রকান্তের মৃত্যুর পর থেকেই তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন প্রযোজনা সংস্থার সঙ্গে। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করে বিষয়টির দ্রুত সমাধানের চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। ক্ষতিপূরণ তুলে দেওয়া এবং পরিবারের ফেরার ব্যবস্থা করার ক্ষেত্রে প্রযোজনা সংস্থা ও ফেডারেশনের উদ্যোগেরও প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।তবে এই ঘটনা ঘিরে টেকনিশিয়ানদের মধ্যে অতীতের একটি দুর্ঘটনার প্রসঙ্গও উঠে এসেছে। #UncutUpali-কে কয়েকজন টেকনিশিয়ান জানিয়েছেন, কয়েক বছর আগে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন রাজু মণ্ডল নামে এক টেকনিশিয়ান। কিন্তু সেই সময় তাঁর পরিবার এ ধরনের আর্থিক ক্ষতিপূরণ পায়নি বলে তাঁদের অভিযোগ। তাঁদের একাংশের আক্ষেপ, তখনও সদিচ্ছা থাকলে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো সম্ভব হত।টেকনিশিয়ানদের বক্তব্য, সরকার পরিবর্তনের পর এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ দেখা যাচ্ছে। তাঁদের দাবি, বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষের তত্ত্বাবধানে পিন্টু মণ্ডলের পর এবার চন্দ্রকান্ত সোয়াইনের পরিবারও আর্থিক সাহায্য পেল।