বলিউড থেকে হলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই নিজের পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দিতেও ভোলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়ার সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী। এবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। আর সেখানেই নজর কেড়েছে তাঁর ছোট্ট মেয়ে মালতীর একটি বিশেষ ভিডিও। মায়ের কোলে বসে গায়ত্রী মন্ত্র জপ করতে দেখা গিয়েছে তাকে। খুদে মালতীর মুখে মন্ত্র শুনে আপ্লুত নেটিজেনরাও।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অন্তত ১৮টি ছবি এবং দুটি ভিডিয়ো শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে কখনও পরিবারের সঙ্গে সময় কাটাতে, কখনও আবার মেয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছে তাঁকে। পোস্টের বেশিরভাগ ছবিতেই রয়েছে মালতী। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে একটি ভিডিয়ো। সেখানে বাড়ির পুজোর জায়গায় বসে রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর কোলে বসে ছোট্ট মালতী। মায়ের সঙ্গে বসেই গায়ত্রী মন্ত্র জপ করতে দেখা যায় একরত্তিকে।
মালতীর মুখে এমন সাবলীলভাবে গায়ত্রী মন্ত্র শুনে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। ভিডিয়োটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা। একজন লিখেছেন, মালতী যেভাবে গায়ত্রী মন্ত্র জপ করছে, তা সত্যিই মন ভাল করে দেওয়ার মতো। অন্য এক নেটিজেনের মন্তব্য, প্রিয়াঙ্কা চোপড়া কখনওই তাঁর অনুরাগীদের নিরাশ করেন না। আরও এক জন লিখেছেন, একদিকে অসাধারণ অভিনেত্রী, অন্যদিকে একজন আদর্শ মা। কেউ আবার মজা করে মালতীকে ভবিষ্যতের শিল্পী, প্রযোজক এবং গায়িকা বলেও অভিহিত করেছেন।

ছবি ও ভিডিয়োগুলির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, তিনি ভীষণ ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে জীবনের এক দুর্দান্ত পর্যায়ে রয়েছেন। অভিনেত্রীর এই পোস্টে অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। কাজের ব্যস্ততার মাঝেও মেয়ের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটানো এবং তা ভাগ করে নেওয়ার জন্য প্রশংসা পেয়েছেন তিনি।
এদিকে কাজের দিক থেকেও বেশ ব্যস্ত প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলির আগামী ছবি ‘বারাণসী’-তে দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। সায়েন্স ফিকশন, টাইম ট্রাভেল এবং পৌরাণিক কাহিনির মিশেলে তৈরি হচ্ছে এই ছবি। আগামী ৭ এপ্রিল, ২০২৭-এ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।