বলিউডের চাপে হল থেকে সরছে ‘সাধক বামাক্ষ্যাপা’! বাংলা ছবির পাশে দাঁড়ালেন না দিলীপ ঘোষ

Spread the love

বাংলা সিনেমার বাজারে হিন্দি ও দক্ষিণী ছবির প্রভাব নতুন কোনও ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে, বড় বাজেটের বলিউড কিংবা দক্ষিণী ছবির দাপটে বাংলার সিনেমা প্রেক্ষাগৃহে পর্যাপ্ত জায়গা পাচ্ছে না। এবার সেই বিতর্কের কেন্দ্রে উঠে এল বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। বলিউডের নতুন ছবির জন্য একাধিক হল ও মাল্টিপ্লেক্স থেকে এই বাংলা ছবির শো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা যশরাজ ফিল্মসের নতুন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। আর সেই ছবির মুক্তির আগে বাংলার একাধিক প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো কমিয়ে দেওয়া কিংবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা বলে অভিযোগ। অথচ মুক্তির প্রথম তিন দিনেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। একাধিক প্রেক্ষাগৃহে চলছে হাউসফুল শো। ফলে এমন পরিস্থিতিতে বাংলা ছবির প্রদর্শন বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।

এই পরিস্থিতিতে মঙ্গলবার হল ও মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই ‘সাধক বামাক্ষ্যাপা’ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলা ছবির শো সরিয়ে নেওয়া নিয়ে কার্যত ভিন্ন সুর শোনা গেল তাঁর বক্তব্যে।

‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধের খবর সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন বাঙালি দর্শকদের একাংশ। বাংলা ছবিকে বাংলার প্রেক্ষাগৃহেই ব্রাত্য করে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে ছবির অভিনেতা সব্যসাচী চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন, “বাঙালির আবেগ অবশিষ্ট থাকলে সাধক বামাক্ষ্যাপা হল থেকে সরবে না।” শো বন্ধের আশঙ্কার মধ্যেও নিজের ছবির প্রতি আত্মবিশ্বাসী অভিনেতা।

তবে এই বিতর্কে দিলীপ ঘোষের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাঁর মতে, বাংলা কিংবা হিন্দি বলে সিনেমার ক্ষেত্রে আলাদা করে কোনও বিচার করা উচিত নয়। তিনি বলেন, “বাংলা, হিন্দি বলে কোনও কথা নেই। সিনেমা হচ্ছে অ্যামিউজমেন্ট। পাবলিক যেটা চাইবে, পরিচালকের যেখানে লাভ হবে সেটাই করবেন। সাধক বামাক্ষ্যাপা চলেছে, যাঁরা দেখার দেখেছেন। এরকম অনেক সিনেমা এসেছে। যতদিন চলেছে দেখেছেন।”

এখানেই থেমে থাকেননি মন্ত্রী। ‘হনুমান অংশ’ ছবির প্রসঙ্গ টেনে তিনি জানান, নিম করলি বাবার জীবনী অবলম্বনেও একটি সিনেমা তৈরি হয়েছিল। সেই ছবিও নিজের জনপ্রিয়তার জোরে চলেছে বলে দাবি তাঁর। দিলীপ ঘোষের কথায়, “যেটা চলার ঠিক চলবে। যাঁরা ব্যবসায়ী, সিনেমা হলের মালিক, তাঁরা যদি মনে করেন যে অন্য সিনেমাতে ভালো লাভ হবে তাঁরা তো সেটাই করবেন। সরকার যদি ভর্তুকি দিয়ে কোনও সিনেমা চালায় সেটা হবে।”

তাঁর আরও বক্তব্য, কোনও মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা তৈরি হলেই যে সেটি দর্শকদের কাছে জনপ্রিয় হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। একটি সিনেমা কতদিন প্রেক্ষাগৃহে চলবে, তা নির্ভর করে ছবির নির্মাণশৈলী, প্রযুক্তিগত দিক এবং গুণমানের উপর। অর্থাৎ, শুধুমাত্র বাংলা সিনেমা বলেই কোনও ছবিকে বিশেষ সুবিধা দেওয়ার পক্ষে নন তিনি।

অন্যদিকে, বলিউডের ছবির আগ্রাসনের কারণে বাংলা সিনেমা বারবার ক্ষতির মুখে পড়ছে, এই অভিযোগও মানতে নারাজ দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির কথা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, যাঁরা বাংলা ও বাঙালির আবেগ নিয়ে সরব হচ্ছেন, তাঁরা বাস্তবে বাংলা সংস্কৃতির জন্য কতটা কাজ করেছেন?

দিলীপ ঘোষ বলেন, “এসব গল্প অনেকদিন ধরে শুনছি। যাঁরা বাংলা, বাঙালি নিয়ে আওয়াজ তোলেন, তাঁরা বাংলার জন্য, বাংলা সিনেমা, বাংলা খেলাধুলো, সংস্কৃতি, গানের জন্য কী করেছেন?”

এরপর প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দের জন্মশতবার্ষিকীর প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, গত বছর মান্না দের জন্মশতবার্ষিকী থাকলেও তাঁকে নিয়ে কতগুলি অনুষ্ঠান বা বিশেষ আয়োজন হয়েছে, সেই প্রশ্ন থেকেই যায়। দিলীপের কথায়, মান্না দে বাংলা ছেড়ে গোটা ভারত তথা বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর মতো কিংবদন্তি শিল্পীকে নিয়ে আরও বেশি অনুষ্ঠান হওয়া উচিত ছিল বলেও ইঙ্গিত করেন তিনি।

সবশেষে এই বিতর্ককে রাজনৈতিক বক্তব্য বলেই কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর মতে, সিনেমাকে রাজনৈতিক বিতর্কের মধ্যে না টেনে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত। তিনি বলেন, “এগুলো সবই রাজনৈতিক স্টেটমেন্ট। এর কোনও গুরুত্ব নেই। সিনেমাকে সিনেমার মতো চলতে দেওয়া উচিত।”

সব মিলিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়া নিয়ে বাংলা চলচ্চিত্র জগতে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। একদিকে ছবির অভিনেতা ও বাংলা সিনেমার সমর্থকদের দাবি, দর্শকদের সাড়া পাওয়া সত্ত্বেও কেন প্রেক্ষাগৃহ থেকে বাংলা ছবিকে সরিয়ে দেওয়া হবে? অন্যদিকে দিলীপ ঘোষের বক্তব্য, সিনেমার বাজারে শেষ কথা বলবে দর্শক ও ব্যবসায়িক লাভ। এখন মঙ্গলবারের বৈঠকে হল মালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনার পর এই বিতর্কে কী সিদ্ধান্ত সামনে আসে, সেদিকেই নজর থাকবে বাংলা সিনেমাপ্রেমীদের।

Leave a Reply