বিগ বস বাংলায় শেষ নমিনেশনের লড়াই! ‘অগ্নিপরীক্ষা’য় বিপাকে সৃজলা-তনুশ্রী

Spread the love

ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহলের কেন্দ্রে ছিল ‘বিগ বস বাংলা’। শো শুরুর আগে থেকেই জল্পনা চলছিল, কারা জায়গা করে নেবেন বিগ বসের ঘরে। প্রতিযোগীদের নাম প্রকাশ্যে আসার পর সেই উত্তেজনা আরও বেড়েছিল। আর শো শুরু হতেই প্রতিযোগীদের মধ্যে বিবাদ, মনোমালিন্য, বন্ধুত্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। পছন্দের প্রতিযোগীকে সমর্থন জানাতে আমজনতা থেকে শুরু করে পরিচিত তারকারাও নিজেদের মতামত প্রকাশ করেছেন। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে বিগ বস বাংলার প্রতিটি পর্ব। এবার ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে এই রিয়্যালিটি শো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেমিফাইনাল সপ্তাহ। আর মঙ্গলবারই হতে চলেছে এই মরশুমের শেষ নমিনেশন পর্ব।

সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল পেজে প্রকাশ্যে এসেছে বিগ বস বাংলার আসন্ন নমিনেশন পর্বের ঝলক। সেখানে বিগ বস জানিয়েছেন, এবারের নমিনেশন প্রক্রিয়ার নাম ‘অগ্নিপরীক্ষা’। বিশেষ বিষয় হল, এই পর্বের মাধ্যমেই শেষ হবে চলতি মরশুমের নমিনেশন পর্ব। ফলে ফাইনালের আগে কার ভাগ্যে কী রয়েছে, তা নিয়ে দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রবল কৌতূহল।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী, চলতি সপ্তাহে নমিনেশনের তালিকায় রয়েছেন সৃজলা, তনুশ্রী, নিরঞ্জন ও দুর্নিবার। যদিও এই তালিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে। অন্যদিকে, আগেই ‘টিকিট টু ফিনালে’ জিতে ফাইনালের দৌড়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন জীতু কমল। পাশাপাশি শোয়ের সঞ্চালক তাঁকে ‘স্টার অফ দ্য উইক’ ঘোষণা করে সৌরভকেও নমিনেশন থেকে রক্ষা করেছেন। ফলে সৃজলা, তনুশ্রী, নিরঞ্জন ও দুর্নিবারের নমিনেশনের খবর সত্যি হলে বড়সড় স্বস্তি পেতে পারেন মনামী। সেক্ষেত্রে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন তিনিও।

অর্থাৎ, বিগ বস বাংলার ফাইনালে যদি মোট ছয়জন প্রতিযোগী জায়গা পান, তাহলে ইতিমধ্যেই তিনজনের অবস্থান অনেকটাই নিশ্চিত। বাকি তিনটি জায়গার জন্য লড়াই চলবে অন্যান্য প্রতিযোগীদের মধ্যে। শেষ পর্যন্ত কারা ফাইনালের মঞ্চে পৌঁছবেন, আর কাদের স্বপ্ন শেষ হবে সেমিফাইনালেই, এখন সেটাই দেখার।

তবে শুধু নমিনেশন নয়, ফাইনালের আগে বিগ বসের ঘরের অন্দরেও ক্রমশ বাড়ছে উত্তেজনা। সোমবার বিগ বসের বাড়িতে প্রবেশ করেছিলেন একদল সাংবাদিক। তাঁদের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় প্রতিযোগীদের। আর সেই প্রশ্নোত্তর পর্বেই ফের আলোচনায় উঠে আসেন দুর্নিবার ও সৃজলা। নাম না করলেও একাধিকবার দুর্নিবারের মন্তব্যের নিশানা যে সৃজলার দিকে, তা বুঝতে অসুবিধা হয়নি দর্শকদের। কখনও ‘বিচুটি’ সংক্রান্ত প্রশ্ন, আবার কখনও ‘অযোগ্য’ প্রসঙ্গ—বিভিন্ন প্রশ্নের উত্তরে দুর্নিবারের মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। দর্শকদের একাংশের মতে, বহুল আলোচিত ‘আই লাইক ইউ’ বিতর্কের রেশ এখনও কাটেনি। সেই পুরনো দ্বন্দ্বই যেন নতুন করে সামনে চলে এসেছে।

অন্যদিকে, সাংবাদিকদের প্রশ্নের মুখে জীতু কমলের আচরণও নজর কেড়েছে। গোটা পর্বে তাঁকে বারবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দেখা যায়। বেশিরভাগ সময়ই মাথা নীচু করে বসেছিলেন তিনি। এমনকী, পর্বের শেষদিকে নিজের নির্দিষ্ট জায়গাতেও দেখা যায়নি তাঁকে। শুধু তাই নয়, সাংবাদিকদের তরফে রিকশা-কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারাতেও দেখা যায় জীতুকে। তাঁর এই আচরণ ঘিরেও দর্শকদের মধ্যে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

সব মিলিয়ে বিগ বস বাংলার ফাইনালের আগে উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে শেষ নমিনেশনের ‘অগ্নিপরীক্ষা’, অন্যদিকে প্রতিযোগীদের পুরনো বিবাদ ও নতুন বিতর্ক—সব মিলিয়ে জমে উঠেছে খেলার শেষ পর্ব। এখন দেখার, শেষ পর্যন্ত কারা টিকে থেকে ফাইনালের মঞ্চে পৌঁছতে পারেন এবং কার যাত্রা শেষ হয় সেমিফাইনালেই।

Leave a Reply