হায়দ্রাবাদের প্রধান সড়কের নাম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে রাখার ঘোষণা ঘিরে তেলেঙ্গানায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্মেলনের আগে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই এমন উদ্যোগ বলে মত প্রশাসনের। তবে বিরোধী নেতারা এই পদক্ষেপের তুমুল সমালোচনা করছেন।
হায়দ্রাবাদের ইউএস কনস্যুলেটের পাশের গুরুত্বপূর্ণ সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ করার প্রস্তাব দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি। আসন্ন ‘তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’-কে কেন্দ্র করে বিশ্বের মনোযোগ আকর্ষণই এর মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
বাইরের কোনো দেশে মার্কিন প্রেসিডেন্টকে এভাবে সম্মান প্রদর্শনের নজির ‘এটিই প্রথম’ বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
তবে রাজ্য সরকার কেবল রাজনৈতিক ব্যক্তিত্বের নামেই সীমাবদ্ধ থাকছে না। একইসঙ্গে, হায়দ্রাবাদকে প্রযুক্তিকেন্দ্রে রূপ দেয়ার পেছনের প্রধান শক্তিগুলোকেও সম্মান জানাতে চায়। সেজন্যই প্রস্তাবিত তালিকায় রয়েছে ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফট রোড’ ও ‘উইপ্রো জংশন’।

ভারতের প্রযুক্তি খাতের উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ ও দীর্ঘদিনের উপস্থিতিকে স্বীকৃতি দিতেই এমন নামকরণ বলে দাবি স্থানীয় প্রশাসনের। এছাড়াও, শহরের আরেকটি সড়ক এরমধ্যেই ‘টাটা ইন্টারচেঞ্জ’ নামে চিহ্নিত করা হয়েছে।
অবশ্য এই উদ্যোগের বিরুদ্ধে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার। তার অভিযোগ, কংগ্রেস সরকার ট্রেন্ডিং বা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামেই সড়কের নাম বদলাচ্ছে।