মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া? চলতি বছরের শেষেই পরমাণু অস্ত্রবাহী একটি উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে মস্কো। এমনই চাঞ্চল্যকর আশঙ্কা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে জার্মানি। জার্মান সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ন্যাটোর গোয়েন্দা সংস্থাগুলির হাতে এমন কিছু তথ্য এসেছে, যা থেকে অনুমান করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যেই মহাকাশে পরমাণু অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআর (NDR), ডব্লিউডিআর (WDR) এবং সংবাদপত্র ‘জুডডয়চে জেইটুং’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডি (BND), সে দেশের সামরিক বাহিনী এবং পশ্চিমী দেশগুলির একাধিক গোয়েন্দা সংস্থার মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যের ভিত্তিতেই এই আশঙ্কা তৈরি হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, ‘স্পুটনিক-এস’ (Sputnik-S) নামের ওই উপগ্রহটি বেশ কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে। বর্তমানে সেটিকে মস্কো অঞ্চলে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলেও গোয়েন্দা সূত্রের দাবি।
প্রতিবেদনগুলিতে আরও বলা হয়েছে, নভেম্বর মাসের শুরুতেই ন্যাটোর একাধিক সদস্য দেশকে সতর্ক করা হয়েছিল। আগামী ৬০ দিনের মধ্যে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। জার্মান সশস্ত্র বাহিনীর স্পেস কমান্ডের মূল্যায়ন অনুযায়ী, ডিসেম্বর মাসের শুরুতেই এই উৎক্ষেপণ ঘটার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কক্ষপথে পৌঁছনোর পরপরই উপগ্রহটি সক্রিয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে এই গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। জার্মানিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি কিংবা ব্রাসেলসে ন্যাটোর সদর দফতর—কেউই প্রাথমিকভাবে সংবাদমাধ্যমের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

অন্যদিকে, সোমবার এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। জার্মান সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। পেসকভের বক্তব্য, এই সমস্ত অভিযোগ ও সম্ভাবনার কথা কোথা থেকে এসেছে, কাকে উদ্ধৃত করে সেগুলি প্রকাশ করা হয়েছে, তা স্পষ্ট নয়। তাই এই ধরনের প্রতিবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর কারণ নেই।
একই সুর শোনা গিয়েছে বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসের বক্তব্যেও। মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা সংক্রান্ত অভিযোগকে তারা অপপ্রচারের অংশ বলে দাবি করেছে। রাশিয়ার মহাকাশ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হয় বলেও জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, মহাকাশে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে এর আগেও আন্তর্জাতিক স্তরে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৪ সালে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, রাশিয়া এমন একটি নতুন ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে, যার মাধ্যমে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের স্যাটেলাইট ব্যবস্থা ধ্বংস করা সম্ভব হতে পারে। যদিও সেই অভিযোগও সরাসরি অস্বীকার করেছিল মস্কো।
আমেরিকার দাবি, রাশিয়া দীর্ঘদিন ধরেই এমন প্রযুক্তি তৈরির চেষ্টা চালাচ্ছে, যা মহাকাশে থাকা বিপুল সংখ্যক কৃত্রিম উপগ্রহকে অকেজো করে দিতে পারে। বিশেষ করে ইউক্রেনের সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা স্পেসএক্সের ‘স্টারলিঙ্ক’ স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়েও উদ্বেগ রয়েছে ওয়াশিংটনের। এই ধরনের অস্ত্র ব্যবহার করা হলে শুধু সামরিক যোগাযোগ নয়, গোটা বিশ্বের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিকাঠামোই বিপদের মুখে পড়তে পারে।
মার্কিন মহাকাশ কমান্ডের প্রধান স্টিফেন হোয়াইটিং-সহ একাধিক বিশেষজ্ঞের আশঙ্কা, পৃথিবীর নিম্ন কক্ষপথে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে তার প্রভাব অত্যন্ত ভয়াবহ হতে পারে। তাঁদের মূল্যায়ন অনুযায়ী, এমন বিস্ফোরণের ফলে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে কক্ষপথে থাকা প্রায় এক-তৃতীয়াংশ স্যাটেলাইট অকেজো হয়ে যেতে পারে। পরবর্তী কয়েক মাসে বাকি উপগ্রহগুলির উপরেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এর প্রভাব শুধুমাত্র মহাকাশ গবেষণা বা সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বজুড়ে ইন্টারনেট যোগাযোগ, জিপিএস পরিষেবা, ব্যাঙ্কিং ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ এবং বিভিন্ন জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। কারণ, আধুনিক বিশ্বের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থনীতি—সব ক্ষেত্রেই স্যাটেলাইট প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ বা মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র কিংবা অন্য কোনও গণবিধ্বংসী অস্ত্র স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে রাশিয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সত্যি হলে আন্তর্জাতিক মহাকাশ আইন এবং বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রেও বড়সড় প্রশ্ন উঠে যেতে পারে। আপাতত মস্কোর পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাখছে পশ্চিমী দেশগুলি।