যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় রেসার গ্রেগ বিফেলসহ নিহত ৭

Spread the love

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার একটি বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উড্ডয়নের কিছুক্ষণ পরই ফিরে আসার চেষ্টা করার সময় একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অবসরপ্রাপ্ত রেসিং ড্রাইভার গ্রেগ বিফেল ও তার পরিবারের সদস্যসহ বিমানে থাকা সাতজনই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি ‘সেসনা সি৫৫০’। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

নর্থ ক্যারোলাইনা স্টেট হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, বিমানটি স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তবে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই এটি ফিরে এসে অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়। ফ্লাইট রেকর্ড অনুযায়ী, বিমানটি গ্রেগ বিফেলের পরিচালিত একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া উড্ডয়নের পরই কেন বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর নথি অনুযায়ী, গ্রেগ বিফেলের হেলিকপ্টারসহ একক ও বহু ইঞ্জিনের বিমান ওড়ানোর লাইসেন্স ছিল। তবে দুর্ঘটনার সময় তিনি নিজেই বিমানটি চালাচ্ছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

দুর্ঘটনার তদন্তে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *