রাজারহাটের কালিকাপুরের আটঘরা এলাকায় একটি বাগানবাড়ি থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের কানে লাগানো ছিল ব্লুটুথ ইয়ারফোন। কাছেই পড়েছিল তাঁর মোবাইল ফোন। কারও সঙ্গে কথা বলতে বলতে ওই যুবক আত্মঘাতী হয়েছেন, নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা নিয়ে তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।
মৃত যুবকের নাম বর্ষণ জানা। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের ওই বাগানবাড়িতে ভাড়া থাকতেন তিনি। দু’দিন আগে তাঁর এক বন্ধু সেখানে এসেছিলেন। মঙ্গলবার রাতে দু’জনে একই ঘরে ঘুমিয়েছিলেন। কিন্তু বুধবার সকালে ঘুম থেকে উঠে ওই বন্ধু দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এরপর তিনি পাশের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তি সেখানে পৌঁছে বাগানবাড়ির একটি গাছে বর্ষণের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যুবকের দেহ উদ্ধার করা হয়। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তবে ঘটনাস্থল থেকে পাওয়া কয়েকটি বিষয় তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় বর্ষণের কানে ব্লুটুথ ইয়ারফোন লাগানো ছিল। পাশেই পড়েছিল তাঁর মোবাইল ফোন। মৃত্যুর আগে তিনি কারও সঙ্গে ফোনে কিংবা ভিডিও কলে কথা বলছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই বাজেয়াপ্ত করা হয়েছে যুবকের মোবাইল ফোন। পরীক্ষা করে দেখা হচ্ছে কললিস্ট ও অন্যান্য তথ্য।
পাশাপাশি, ঘটনার সময় বাগানবাড়িতে উপস্থিত থাকা বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কীভাবে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ হল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

বর্ষণ কোনও মানসিক অবসাদে ভুগছিলেন কি না, ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা চলছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কারও সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট এবং মোবাইল ফোনের তথ্যের অপেক্ষায় পুলিশ। এটি আত্মহত্যার ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখেই সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা।