লম্বা বিরতির পর ছোটপর্দায় ফিরলেন ‘খুদে নেতাজি’ অঙ্কিত

Spread the love

২০১৯ সালে ‘নেতাজি’ ধারাবাহিকে ছোট নেতাজির চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা অঙ্কিত মজুমদার। ওই ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন অভিষেক বসুও, কিন্তু খুদে নেতাজির চরিত্রে অভিনয় করে যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিত, ততটা বোধহয় ধারাবাহিকের অন্য আর কোনও কলাকুশলী পাননি।

কিন্তু ‘নেতাজি’ ধারাবাহিকের পর সেই ভাবে আর ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়নি অঙ্কিতকে। অবশেষে টানা বিরতির পর আবার তিনি ফিরে এলেন সিরিয়ালের জগতে। তবে এখন অঙ্কিতকে দেখলে চেনাই দায়। সে এখন রীতিমতো যুবক। দ্বাদশ শ্রেণীর ছাত্র সে।

পড়াশোনার চাপে দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। মাঝে বড় পর্দায় কাজ করলেও সেই ভাবে টানা কাজ করতে দেখা যায়নি অভিনেতাকে। তবে এই মুহূর্তে পড়াশোনার চাপ কিছুটা কম বলে আবার তিনি ফিরে এসেছেন কাজে, যদিও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় আবার কিছুটা বিরতি নেবেন বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার মা ললিতা মজুমদার।

কোন ধারাবাহিককে অভিনয় করছে অঙ্কিত?

এই মুহূর্তে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে লাজুর বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অঙ্কিতকে। লাজু ডাক্তারি পড়াশোনার জন্য শহরে এসেছে, কলেজে বেশ কয়েকজন নতুন বন্ধুও হয়েছে তার। এই বন্ধুদের মধ্যেই একজন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিত। অঙ্কিত অভিনীত চরিত্রটি কিছুদিন আগেই যোগ হয়েছে ধারাবাহিকে।

তবে শুধুমাত্র ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে নয়, ‘মৃগয়া ১.৫’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। অভিনয় ছাড়া একসঙ্গে পড়াশোনাও সমানতালে সামলাচ্ছেন অঙ্কিত। উচ্চমাধ্যমিকের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নাটক নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ‘খুদে নেতাজি’-র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *