বলিউডের ‘দাবাং’ তারকা সলমন খানের জনপ্রিয়তা যে শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, তা বহুবার দেখা গিয়েছে। বিশেষ করে পাকিস্তানেও ভাইজানের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এবার সেই উন্মাদনার কথাই তুলে ধরলেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ। তাঁর দাবি, সলমন খান যদি কখনও লাহোরে যান, তাহলে তাঁকে দেখতে এত মানুষ ভিড় করবেন যে সরকারকে সেদিন পাবলিক হলিডে ঘোষণা করতে হতে পারে!
সম্প্রতি ফারিদুন শহরিয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানে বলিউড তারকাদের জনপ্রিয়তা নিয়ে কথা বলেন মুস্তাফা। তিনি জানান, ২০০৭ সালে ইমরান হাশমি ‘জন্নত’ ও ‘আওয়ারাপন’ ছবির জন্য পাকিস্তানে গিয়েছিলেন। সেসময়ও অভিনেতার প্রতি সে দেশের মানুষের বিপুল ভালোবাসা দেখা গিয়েছিল।
সলমন খানকে নিয়ে মুস্তাফা বলেন, ‘আমি সবসময় মজা করে বলি, সলমন খান যদি লাহোরে আসেন, তাহলে লাহোরে পাবলিক হলিডে ঘোষণা করতে হবে। এত মানুষ একসঙ্গে জড়ো হয়ে যাবেন!’ তাঁর কথায়, পাকিস্তানে শিল্পীদের প্রতি মানুষের আলাদা ভালোবাসা রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির বাইরে গিয়ে মানুষ তাঁকে ভালোবাসেন।
‘আওয়ারাপন’-এর জনপ্রিয় গানের কণ্ঠ মুস্তাফা
বলিউডের বেশ কিছু জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে রয়েছে মুস্তাফা জাহিদের নাম। ২০০৭ সালে ইমরান হাশমির ‘আওয়ারাপন’ ছবির জন্য তাঁর গাওয়া ‘তেরে মেরা রিস্তা’ এবং ‘তো ফির আও, মুঝকো সতাও’ গানগুলি ব্যাপক জনপ্রিয় হয়েছিল।
সাক্ষাৎকারে মুস্তাফা জানান, ‘আওয়ারাপন ২’ মুক্তির জন্য প্রস্তুত। যদিও নতুন ছবিতে গান গাওয়ার সুযোগ তিনি পাননি। তবে সম্প্রতি মাত্র দু’দিনে প্রায় ২৫ হাজার মানুষ তাঁকে মেসেজ করে ‘আওয়ারাপন’-এর স্মৃতি ভাগ করে নিয়েছেন। অনেকেই জানিয়েছেন, ‘আওয়ারাপন ২’-এ তাঁরা তাঁর কণ্ঠ মিস করছেন।

আরও যে বলিউড ছবিতে গান গেয়েছেন
‘আওয়ারাপন’ ছাড়াও মুস্তাফা জাহিদ ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘মার্ডার ২’ এবং ‘রাগিনী MMS ২’-এর মতো বলিউড ছবিতে গান গেয়েছেন। বর্তমানে তিনি পাকিস্তানি সিনেমা ও মিউজিক ভিডিয়োর জন্য গান গাওয়া এবং লেখার কাজ করছেন।