সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’ বইয়ে বিনায়ক দামোদর সাভারকর এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে তথ্য সরবরাহ ও ক্ষমা প্রার্থনার অভিযোগ তোলা হয়েছে। এই মন্তব্যের বিরুদ্ধেই এবার সরব হয়েছে সাভারকর পরিবার। বইয়ের সংশ্লিষ্ট অংশ নিয়ে আপত্তি জানিয়ে সোনিয়া গান্ধীকে আইনি নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে বইয়ের বক্তব্য সংশোধন না করলে আদালতে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সাভারকরের প্রপৌত্র সত্যকি সাভারকর তাঁর আইনজীবীর মাধ্যমে এই নোটিস পাঠিয়েছেন। বইয়ের ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় উল্লেখিত দুটি বক্তব্যকে কেন্দ্র করেই মূল আপত্তি। সত্যকি সাভারকরের দাবি, ওই মন্তব্যগুলি ঐতিহাসিক তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে সেগুলি বিভ্রান্তিকর এবং তাঁর পূর্বপুরুষের সম্মান ও ঐতিহাসিক অবদানকে ক্ষুণ্ণ করতে পারে।
বইয়ের ২০১ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে, কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশ পুলিশের অত্যাচারের শিকার হচ্ছিলেন এবং কারাবরণ করছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের প্রবীণ নেতারা ব্রিটিশ শাসকদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখছিলেন। পাশাপাশি তাঁদের সংগঠনের সদস্যরা ব্রিটিশদের তথ্য সরবরাহ করতেন বলেও সেখানে দাবি করা হয়েছে।
অন্যদিকে, ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তিনি এমন একটি ভারতের ধারণায় বিশ্বাস করতেন যেখানে হিন্দুদের প্রাধান্য থাকবে। বইয়ে আরও দাবি করা হয়েছে, এই মতাদর্শই পরবর্তীকালে আরএসএস, বিজেপি এবং বৃহত্তর সংঘ পরিবারের রাজনৈতিক চিন্তাভাবনার ভিত্তি হয়ে ওঠে।

সাভারকর পরিবারের বক্তব্য, বইয়ের এই মন্তব্যগুলি পাঠকের মনে এমন ধারণা তৈরি করতে পারে যে, সাভারকর শুধু ব্রিটিশদের কাছে ক্ষমা প্রার্থনাই করেননি, বরং অন্য স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কেও ঔপনিবেশিক শাসকদের কাছে তথ্য সরবরাহ করতেন। তাঁদের অভিযোগ, ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করেই এমন মন্তব্য করা হয়েছে।
নোটিসে আরও বলা হয়েছে, আন্দামানের সেলুলার জেলে সাভারকরের দীর্ঘ কারাবাস এবং সেখানে তাঁর কঠিন পরিস্থিতির বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। পাশাপাশি তাঁর রাজনৈতিক দর্শন ও হিন্দুত্বের ধারণাকে বইয়ে যেভাবে তুলে ধরা হয়েছে, তা তাঁর চিন্তাধারার বিকৃত উপস্থাপনা বলেই দাবি সাভারকর পরিবারের।
এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সত্যকি সাভারকর। একই সঙ্গে বইয়ের বিতর্কিত অংশগুলি সংশোধন অথবা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। প্রকাশককেও নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী মুদ্রিত সংস্করণ এবং ডিজিটাল সংস্করণে যেন সংশ্লিষ্ট বক্তব্যগুলি পরিবর্তন করা হয়।
আইনি নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে পুনে জেলা আদালতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সত্যকি সাভারকর। ফলে সোনিয়া গান্ধীর বইকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক আগামী দিনে আরও আইনি ও রাজনৈতিক মাত্রা পেতে পারে।