সীমান্তের রাস্তা খতিয়ে দেখতে ভারতে আসছেন আওয়ামী লীগের ৪ নেতা

Spread the love

বাংলাদেশের রাজনীতিতে ফের জোরালো হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা। তাঁকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ খতিয়ে দেখতে এবার ভারতে আসছেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। রবিবার সকালেই কলকাতার উদ্দেশে তাঁদের রওনা হওয়ার কথা। এরপর পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকা পরিদর্শন করতে পারেন তাঁরা। রাজনৈতিক মহলের মতে, শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণার পর এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ঠিক কবে, কীভাবে এবং কোন পথে তিনি দেশে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে আসতে চলা আওয়ামী লীগের চার নেতার মধ্যে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক এবং মুজাফফর হোসেন চৌধুরী মায়া। এ ছাড়াও রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। চারজনকেই শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত। রবিবার সকাল ৯টা নাগাদ তাঁদের কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা। পরবর্তী দু-তিন দিনের মধ্যে ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাতেও যেতে পারেন তাঁরা।

কেন সীমান্ত পরিদর্শনে এত গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা? সূত্রের খবর, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য একাধিক সম্ভাব্য পথ খতিয়ে দেখতে চাইছে দল। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্ত এবং ত্রিপুরার আগরতলা সীমান্ত। অর্থাৎ শুধু একটি পথের উপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থাও খোলা রাখতে চাইছে আওয়ামী নেতৃত্ব। যদিও এই সফরের বিষয়ে দলের তরফে বিস্তারিত সরকারি ঘোষণা বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং সরকারবিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার পর থেকে ভারতেই রয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংবাদ সংস্থা এপি-কে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান। এমনকি দেশে ফিরলে গ্রেফতারি বা কারাবাসের ঝুঁকি থাকলেও তিনি পিছিয়ে আসবেন না বলে জানিয়েছেন।

কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতি। ২০২৪ সালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। সেই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন হাসিনা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতি সংক্রান্ত মামলাতেও কারাদণ্ডের সাজা হয়েছে।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারও হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কঠোর অবস্থানে। ঢাকার বক্তব্য, দেশে ফিরলে বাংলাদেশের আইন মেনেই তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। হাসিনার প্রত্যর্পণের দাবিও জানিয়েছে বাংলাদেশ। তবে ভারত এখনও সেই দাবি মেনে নেয়নি। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নয়াদিল্লি।

Leave a Reply