রাজনীতির ময়দানে বরাবরই প্রতিবাদী ও লড়াকু নেত্রী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। অন্যায়ের প্রতিবাদে সরব হতে কখনও পিছপা হন না তিনি। তবে শুধু রাজনৈতিক জীবনেই নয়, ছোটবেলাতেও পরিবারের সম্মান রক্ষায় আপসহীন ছিলেন প্রিয়াঙ্কা। শৈশবের তেমনই এক অজানা ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন কংগ্রেস সাংসদ। স্কুলে এক সহপাঠী তাঁর কাকা সঞ্জয় গান্ধীকে নিয়ে কটাক্ষ করায় রীতিমতো রেগে গিয়ে তাকে চড় মেরেছিলেন প্রিয়াঙ্কা। সহপাঠীর মন্তব্য ছিল, ‘চোর হ্যায় তেরা চাচা!’ সেই অপমান মেনে নিতে পারেননি তিনি।
সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশের পর থেকেই গান্ধী পরিবারের নানা অজানা অধ্যায় নিয়ে চর্চা শুরু হয়েছে। বইটিতে সঞ্জয় গান্ধী এবং তাঁর স্ত্রী মানেকা গান্ধীকে নিয়েও একাধিক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সনিয়া। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ আলোচনা পর্বের ভিডিও। সেখানে মা সনিয়া গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। রাজনৈতিক জীবনের বাইরের নানা স্মৃতি, পারিবারিক সম্পর্ক এবং কঠিন সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা গিয়েছে তাঁদের।
আলোচনায় উঠে আসে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে চলা জরুরি অবস্থার প্রসঙ্গ। ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই রাজনৈতিক পালাবদলের পর গান্ধী পরিবারকে যথেষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ছোট্ট প্রিয়াঙ্কা ও রাহুলকেও তার প্রভাব সামলাতে হয়েছিল। নির্বাচনে হারের পর তাঁদের বাড়ি বদল করতে হয়েছিল। চারপাশের পরিস্থিতি তখন যথেষ্ট উত্তপ্ত ছিল বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
সেই সময়ের স্মৃতি মনে করে প্রিয়াঙ্কা বলেন, জরুরি অবস্থার পর তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী নির্বাচনে হেরে গেলে তাঁরা অন্য একটি বাড়িতে চলে যান। চারদিকে তখন অস্থিরতা এবং নানা ধরনের চাপ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতেই স্কুলে একদিন এক সহপাঠী তাঁর কাকা সঞ্জয় গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসে।

প্রিয়াঙ্কার কথায়, এক ছোট ছেলে এসে তাঁকে বলেছিল, তাঁর কাকা জেলে রয়েছেন এবং তিনি চোর। পরিবারের সদস্যকে নিয়ে এমন মন্তব্য শুনে নিজেকে সামলাতে পারেননি তিনি। রাগের মাথায় ওই সহপাঠীকে সপাটে চড় মেরে বসেন। এরপর ছেলেটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। যদিও ঘটনার পর তাঁকেই শিক্ষকের কাছে গিয়ে বকুনি খেতে হয়েছিল। শৈশবের সেই ঘটনা মনে করে আলোচনায় হাসির পরিবেশ তৈরি হয়।
এদিনের আড্ডায় রাহুল ও প্রিয়াঙ্কার ছোটবেলার স্বভাবের পার্থক্যও উঠে আসে। প্রিয়াঙ্কা জানান, স্কুলে তিনি ‘প্রিফেক্ট’ ছিলেন। নিয়ম মেনে চলতে পছন্দ করতেন এবং স্কুলের শৃঙ্খলার সঙ্গে সহজেই মানিয়ে নিয়েছিলেন। অন্যদিকে, রাহুল ছিলেন একেবারেই বিপরীত মেরুতে। তাঁর স্বভাব ছিল অনেক বেশি বিদ্রোহী। সবকিছু নিয়ে প্রশ্ন করা এবং প্রচলিত নিয়মের বাইরে ভাবতেই পছন্দ করতেন তিনি।
বোনের কথায় সম্মতি জানিয়ে রাহুলও বলেন, প্রিয়াঙ্কা কখনওই খুব একটা বিদ্রোহী ছিলেন না। বরং তিনি সব সময় নিয়ম মেনে চলতেন। অন্যদিকে, নিজে ছোট থেকেই প্রশ্ন করতে ভালবাসতেন এবং চারপাশের প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতেন। ভাই-বোনের এই স্বভাবের সঙ্গে বর্তমান রাজনৈতিক জীবনের তুলনা টেনে মজাও করেন প্রিয়াঙ্কা। তাঁর রসিক মন্তব্য, সংসদেও নাকি তাঁদের ছোটবেলার স্বভাবের প্রতিফলন দেখা যায়। তিনি সংসদীয় ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারলেও রাহুলের পক্ষে তা বেশ কঠিন!
তবে প্রিয়াঙ্কার স্মৃতিতে যেখানে ছিল প্রতিবাদের ঝলক, সেখানে রাহুলের অভিজ্ঞতায় ধরা পড়ে একাকিত্বের ছবি। নির্বাচনে ইন্দিরা গান্ধীর পরাজয়ের পর স্কুলে গিয়ে কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, সেই অভিজ্ঞতা ভাগ করে নেন রাহুল। তাঁর কথায়, স্কুলে প্রথম দিন ক্লাসে গিয়ে নিজের জায়গায় বসার পর দেখেছিলেন, পাশে কেউ বসতে চাইছে না। সহপাঠীরা তাঁর সঙ্গে কথাও বলছিল না। ঠাকুমা ইন্দিরা গান্ধীকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতির প্রভাব যে তাঁদের শৈশবেও কতটা পড়েছিল, এই ঘটনা থেকেই তা স্পষ্ট।
সেই দূরত্ব কাটিয়ে ওঠার জন্য একসময় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি। স্কুলের মোট ৩২ জন সহপাঠীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কেউ হাজির হয়নি। শেষ পর্যন্ত মাত্র একজন বন্ধু এসেছিল রাহুলের জন্মদিনের অনুষ্ঠানে। তবে সেই বন্ধুত্ব যে সাময়িক ছিল না, তা জানিয়ে রাহুল বলেন, আজও ওই বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে।
উল্লেখ্য, সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ আনুষ্ঠানিকভাবে প্রকাশের কয়েক দিনের মধ্যেই সামনে এসেছে এই বিশেষ ভিডিও। রাজনৈতিক বিতর্ক, নির্বাচনী লড়াই কিংবা সংসদীয় বক্তব্যের বাইরে গিয়ে গান্ধী পরিবারের ব্যক্তিগত জীবনের এক অন্য ছবি তুলে ধরেছে এই আলোচনা। শৈশবের অপমান, সহপাঠীদের দূরত্ব, পারিবারিক প্রতিকূলতা এবং ভাই-বোনের সম্পর্ক—সব মিলিয়ে ভিডিওতে উঠে এসেছে তাঁদের জীবনের এমন কিছু অধ্যায়, যা সাধারণত রাজনৈতিক আলোচনার আড়ালেই থেকে যায়।